Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড


মেক্সিকো সিটি: ম্যাচের আগে থেকেই উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছিল। ইংল্যান্ডের ফুটবলাররা যাতে রাতে বিশ্রাম নিতে না পারেন, মেক্সিকোর সমর্থকেরা ইংরেজ টিমহোটেলের বাইরে সারারাত ধরে গাড়ির হর্ন বাজিয়ে, আতসবাজি পুড়িয়ে বিশৃঙ্খলা তৈরি করেছেন। কার্ফু জারি করতে হয়েছে পুলিশকে।

মাঠেও দেখা গেল সেই টানটান লড়াই। বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় ম্যাচে বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ইংল্যান্ড। যেখানে তাদের লড়াই আর্লিং হালান্ডের নরওয়ের সঙ্গে। যারা শেষ ষোলোয় ব্রাজ়িলকে হারিয়ে দিয়েছে। 

লাল কার্ড, পেনাল্টি, অবিশ্বাস্য গোল, দুরন্ত সেভ – একটা ফুটবল ম্যাচে যতরকম রোমাঞ্চ থাকতে পারে, সবই হাজির ছিল মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। ১০ জনে খেলেও শেষ হাসি হ্যারি কেনের ইংল্যান্ডের।

যে ম্যাচে অন্যতম নায়ক হয়ে থাকলেন জুড বেলিংহ্যাম। ৯৮ সেকেন্ডের মধ্যে জোড়া গোল করলেন ইংরেজ তারকা। পেনাল্টি থেকে গোল করলেন হ্যারি কেনও। জ়ারেল কোয়ানশার লাল কার্ডের পরেও ম্যাচ জিতল ইংল্যান্ড।

একদিকে আজতেকা স্টেডিয়ামের উচ্চতা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭৩৫০ ফুট উঁচুতে হওয়ায় এই মাঠে খেলা পরীক্ষা বিশ্বের যে কোনও ফুটবলারের। অল্পতেই যেন হাঁফিয়ে উঠতে হয়। সেখানেই ৬০ বছর পর বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই ছিল ইংল্যান্ডের।

আজতেকা স্টেডিয়ামে ৯০ ম্যাচ খেলে এটা মেক্সিকোর মাত্র তৃতীয় পরাজয়। হুলিয়ান কুইনোনেস ও রাউল গিমেনেজ গোল করলেও, মেক্সিকোর হার এড়াতে পারেননি। ১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই মাঠেই হেরেছিল ইংল্যান্ড। দিয়েগো মারাদোনার সেই বিখ্যাত হ্যান্ড অফ গড আর শতাব্দীর সেরা গোলের ম্যাচে।

 

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কারণে ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে ভারতীয় সময় সকাল সাড়ে ছটায় শুরু হয়। কানায় কানায় উপচে পড়া স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিলেন ৮০ হাজার মানুষ। এই মাঠেই ইকুয়েডরকে ২-০ উড়িয়ে দিয়েছিল মেক্সিকো। গোটা ম্যাচে এদিন দুরন্ত কিছু সেভ করলেন ইংরেজ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। প্রথমার্ধে ৩৬ ও ৩৮ মিনিটের মাথায় গোল করে ২-০ করেন বেলিংহ্যাম। বিরতির আগে ব্যবধান কমান কুইনোনেস। দ্বিতীয়ার্ধে দুই দলই পেনাল্টি থেকে একটি করে গোল করে।

আরও পড়ুন: নেমার-অস্ত্র প্রয়োগ করেও হল না রক্ষা, হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায় ঘটিয়ে দিল নরওয়ে





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *