লিসবন: বিশ্বকাপের (FIFA World Cup 2026) স্বপ্নভঙ্গ হয়েছে। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারেনি পর্তুগাল (Portugal Football)। অতিরিক্ত মিনিটে মিকেল মেরিনোর গোলে ১-০ ব্যবধানে জিতে পরের রাউন্ডে চলে গিয়েছে স্পেন। অন্য়দিকে, বিশ্বকাপ ছাড়াই কেরিয়ারে ইতি টানতে হচ্ছে সি আর সেভেনকে। এই হারের কারণ হিসেবে রবার্তো মার্তিনেজকেও দায়ী করছিলেন অনেকেই। দেওয়াল লিখন বুঝতে পেরে তাই বিশ্বকাপ থেকে পর্তুগাল ছিটকে যেতেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন মার্তিনেজ। এবার শোনা যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব ফুটবলের প্রাক্তন কোচকে জর্জ জাসেসকেই পর্তুগালের কোচ করে আনা হতে পারে। এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও বিবৃতি দেওয়া হয়নি দেশের ফুটবল অ্য়াসোসিয়েশনের তরফে। কিন্তু পর্তুগালের মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী জাসেসকেই কোচের পদে দেখা যাবে দেশের ফুটবল দলের।
রোনাল্ডো যে ক্লাবের জার্সিতে খেলেন, সেই আল নাসেরের কোচ হিসেবে দায়িত্ব সামলেছিলেন গত মরশুম পর্যন্ত জর্জ জাসেস। তাঁর কোচিংয়েই সৌদি প্রো লিগ জিতেছিল আল নাসের দলটি। এছাড়াও পর্তুগাল ফুটবল জগতে জর্জ জাসেস বেশ পরিচিত নাম। তিনি কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন স্পোর্টিং এস পি, বেনফিকার মত দলের। পর্তুগালের দায়িত্বও সামলেছেন অতীতে।
স্পেনের বিরুদ্ধে ১-০ ব্যবধানে হারের পর বিশ্বকাপ থেকে বিদায় হয়েছে পর্তুগাল। খেলার নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ইনজুরি টাইমে পরিবর্ত হিসেবে মাঠে নামা ফেরান তোরেস একটি ‘থ্রু বল’ বাড়ান স্পেনের পরিবর্ত খেলোয়াড় মিকেল মেরিনোর দিকে। সেই বল ৯১ মিনিটের মাথায় অনায়াসেই কোস্তার পাশ দিয়ে জালে জড়িয়ে দেন মেরিনো।
স্পেনের গোলপোস্টের নীচে সজাগ প্রহরী ছিলেন তাঁদের গোলকিপার সাইমন। পর্তুগালের বিপক্ষে ম্যাচের আগে এই বিশ্বকাপে সাইমন মাত্র চারটি সেভ করেছিলেন। রাউন্ড অফ ৩২-এ অস্ট্রিয়া গোলপোস্টের লক্ষ্যে একটিও শট নিতে পারেনি। তবে পর্তুগালের বিপক্ষে রাউন্ড অফ ১৬-এর লড়াইয়ে তিনি দু’বার রোনাল্ডোদের প্রচেষ্টা রুখে দিয়েছেন। ম্যাচ শেষে ডালাস স্টেডিয়ামের দর্শকদের করতালির মধ্যেই হতাশ হয়ে মাঠ ছাড়লেন রোনাল্ডো। এই পরাজয় রোনাল্ডোর বিশ্বকাপ কেরিয়ারের শেষ অধ্যায়। দেশের জার্সিতে আর কোনও ম্য়াচ খেলবেন কি না তা এখনও জানাননি তিনি।
