Sonam Wangchuk : ‘আমি ২০ জুলাই পর্যন্ত বেঁচে থাকব, এরপর…’! সোনম ওয়াংচুকের নতুন ভিডিও ভাইরাল, কেন এই মন্তব্য ?


দিল্লি : নিট-সহ একাধিক প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সরব সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আমরণ অনশন আন্দোলনে বসেন তিনি। শুক্রবার পা দিল ২০তম দিনে। কিন্তু দীর্ঘ অনশনের জেরে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। কমেছে ওজন। 

শুক্রবার দিল্লির জন্তর মন্তরে ওয়াংচুকের সঙ্গে দেখা করেন কংগ্রেস সাংসদ পবন খেরা। এর আগেও আরও বেশ কয়েকজন নেতা জন্তর মন্তরে গিয়েছেন এবং তাঁর সঙ্গে দেখা করেন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ওয়াংচুকের একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে তিনি বলেছেন, “আমি ২০ জুলাই পর্যন্ত বেঁচে থাকব।” ওয়াংচুক এই মন্তব্যটি রসিকতার সুরে করেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। নিমেষের মধ্যে ভাইরাল হচ্ছে ভিডিওটি। 

ভিডিওটিতে সংসদ ভবনের দিকে পদযাত্রা প্রসঙ্গে তাঁকে বলতে শোনা যায় সোনম ওয়াংচুক বলেন, “যাই ঘটুক না কেন, আমি ২০শে জুলাই পর্যন্ত বেঁচে থাকব, যাতে আপনাদের সকলের সঙ্গে সংসদ অভিমুখে পদযাত্রা করতে পারি। যদি ২০শে জুলাই আমাদের পদযাত্রা সফল না হয়, তবে আমি ভূত হয়ে ফিরে আসব।”

উল্লেখ্য, ওয়াংচুক গত ২০ দিন ধরে অনশন করছেন, যার ফলে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটছে এবং ওজন ক্রমাগত কমছে। শুক্রবার ডাক্তার সতীশ লাম্বা বলেন, “আজ অনশনের ২০তম দিন। তার ওজন ৫৬.৫৫ কিলোগ্রাম, যা গত ২৪ ঘণ্টায় ৩৫০ গ্রাম কমেছে। তার শরীরে জলের পরিমাণ স্বাভাবিক, যদিও হালকা ডিহাইড্রেশন দেখা গেছে।” ডাক্তারদের একটি দল ওয়াংচুককে সারাক্ষন পর্যবেক্ষণে রেখেছেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাঁকে তাঁর অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের জেরে সোনম ওয়াংচুক এবং ‘ককরোচ জনতা পার্টি’র সদস্যরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন। কংগ্রেস ও সমাজবাদী পার্টিসহ আরও বেশ কয়েকটি দল ওয়াংচুককে সমর্থন জানিয়েছে। এই নিয়ে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভও চলছে জন্তর মন্তরে। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *