কলকাতা: গুরুতর অসুস্থ, ছোটপর্দার অভিনেত্রী, তন্বী লাহা রায় (Tonni Laha Roy), সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর শেয়ার করে নিয়েছেন তিনি। নিয়মিতভাবে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তন্বী, বেশ জনপ্রিয় মুখ তিনি। তবে আপাতত বেশ কিছুদিন ছোটপর্দায় দেখা যাচ্ছে না তাঁকে, সোশ্যাল মিডিয়াতেও নিয়মিত পোস্ট নেই। কী হয়েছে? তাঁকে নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা। অবশেষে সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেছেন তন্বী। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন তিনি। কী হয়েছে তাঁর? সেই কথাও তিনি লিখেছেন বিস্তারিত।
দীর্ঘ ৪ ঘণ্টা ধরে অস্ত্রোপচার, কেমন আছেন তন্বী?
তন্বী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমার জীবন বর্তমানে…এই বছর জন্মদিনের মাসটা যে এইভাবে কাটবে, কখনও ভাবিনি। জন্মদিন উদযাপন তো দূরের কথা, ঘুরতে যাওয়ার টিকিট পর্যন্ত বাতিল করতে হল। সত্যি বলতে কি, জীবনে এমন জন্মদিনের মাস কখনও কল্পনাও করিনি। নির্ঘুম রাত, ভীষণ উদ্বেগ, মানসিক চাপ, আর শুধু একের পর এক রক্ত পরীক্ষা, MRI, ইনজেকশন আর ডাক্তার… তারপর জানতে পারলাম, আমার multiple uterine fibroids রয়েছে। মোট ৯টি ফাইব্রয়েড, যার মধ্যে ২টি ছিল প্রায় ৯.৫ সেন্টিমিটার করে—প্রায় ৬ মাসের শিশুর সমান আকারের। বাকি ফাইব্রয়েডগুলিও মাঝারি আকারের ছিল। প্রায় সব ডাক্তারই একই কথা বলেছিলেন—অপারেশন ছাড়া আর কোনও উপায় নেই, কারণ সবটাই নির্ভর করছে ফাইব্রয়েডগুলির আকার ও অবস্থানের ওপর।’
তন্বী আরও লিখেছেন, ‘সবটা শুনে আমি সত্যিই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সারা মাস চিকিৎসদের সঙ্গে কথা বলেছি। অসংখ্য রিপোর্ট, পরীক্ষা আর MRI করিয়েছি। কিন্তু মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল—জীবনের প্রথম অপারেশনটা কার হাতে তুলে দেব? কাকে ভরসা করব? অবশেষে আমার দেখা হলো ডাঃ নীলাভ ভাদুড়ী-র সঙ্গে। উনি অসীম ধৈর্য নিয়ে আমার সব রিপোর্ট দেখলেন, প্রতিটি বিষয় বুঝিয়ে বললেন, আশ্বাস দিলেন, আর মাঝে মাঝে মজা করে আমার ভয়টাও অনেকটা দূর করে দিলেন। তখনই মনে হয়েছিল, আমার অস্ত্রোপচারের জন্য আমি নিশ্চিন্তে এই মানুষটার ওপর ভরসা রাখতে পারি। ৪ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হল, খুব যত্ন সহকারেই অস্ত্রোপচারটা করলেন চিকিৎসক।’
অভিনেত্রী জানিয়েছেন, রোগটি ধরা পড়ার আগে, একটি ওয়েব সিরিজে অভিনয় করার কথা হচ্ছিল তাঁর। সেটি তাঁর প্রথম ওয়েব সিরিজ। তিনি মনে করেছিলেন, দীর্ঘ অসুস্থতার কারণে তাঁকে সম্ভবত বদল করে দেওয়া হবে। কিন্তু তাঁকে বদল করে দেওয়া হয়নি। অসুস্থতা নিয়েই তিনি শ্যুটিং করেছেন, বাকি শ্যুটিং তিনি সুস্থ হয়ে উঠলে তারপরেই হবে। ঈশ্বর ও অনুরাগীদের তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং জানিয়েছেন, খুব তাড়াতাড়িই কাজে ফিরতে চান তিনি।
আরও পড়ুন:Kanchan-Sreemoyee: দ্বিতীয়বার মা হচ্ছে, খবর আড়ালেই রেখেছিলেন শ্রীময়ী! আবার বাবা হলেন কাঞ্চন
