কলকাতা: আর জি কর (RG Kar News) মামলায় বড় আপডেট। আর জি কর মামলায় এবার, স্টেটাস রিপোর্ট পেশ করল CBI। আজ শিয়ালদা আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিল CBI। তবে অভয়ার পরিবারের একাধিক প্রশ্ন রয়েছে এই মামলায়। আজ CBI-এর আইনজীবী আদালতে জানায়, এই মামলায় ইতিমধ্যেই SIT গঠন করা হয়েছে। আগের তদন্তকারী অফিসারের থেকে নথি জোগাড় করা হচ্ছে। আর অভয়ার পরিবারের তরফ থেকে, একগুচ্ছ প্রশ্ন ও রাখা হয়েছে আদালতের কাছে। পরিবারের তরফ থেকে এদিন প্রশ্ন করা হয়, প্রথমত, আগামী সপ্তাহে অভয়াকাণ্ডের ২ বছর, এতদিনে কতদূর এগোল তদন্ত? দ্বিতীয়ত, নির্মল ঘোষের গ্রেফতারির দাবি তোলা হয়েছিল? কী পদক্ষেপ নেওয়া হয়েছে? তৃতীয়ত, ঘটনার দিন রাতে অভয়ার সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদের নিয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?’
মামলার অগ্রগতি নিয়ে কী বললেন অভয়ার মা?
এদিন অভয়ার পরিবারের তরফ থেকে, আইনজীবীর মাধ্যমে আদালতে প্রশ্ন রাখা হয়, ফরেন্সিক রিপোর্ট বিকৃত করা হয়েছে, তার জন্য কী পদক্ষেপ করা হয়েছে? তিনি আরও প্রশ্ন রেখেছেন, ‘আগের তদন্তকারীরা তদন্তে কী জানতে পেরেছেন?’ CBI-এর নতুন IO-র হাত ধরে অভয়ার মায়ের আর্তি, ‘আমরা আপনার ওপর ভরসা রাখছি।’ এছাড়াও অভয়ার পরিবারের তরফ থেকে আবেদন করা হয়েছিল যে, এই ঘটনায় অভয়ার মায়ের বক্তব্য নেওয়া হোক। আগামী ৫ তারিখ ফের এই মামলার শুনানি হবে। এদিন শুনানি শেষ হওয়ার পরে, রত্না দেবনাথ সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্য়মন্ত্রী এসে সেই কাজটাই করছেন। আমি দৃঢ়প্রতিজ্ঞ, মেয়ের বিচার আমি পাবোই। একটু দেরি হতে পারে, কিন্তু বিচার আমি পাবই। আমার খুব অবাক লাগছে এই বিষয়টায় যে, যারা সেদিন রাতে আমার মেয়ের সঙ্গে রাতের খাওয়া দাওয়া করেছিল, তাদের কাস্টার্ডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন? জিজ্ঞাসাবাদ করা হলে, অবশ্যই কিছু না কিছু পাওয়া যাবে। আগামীদিনে অবশ্যই হবে। আর তৎকালীন যিনি স্বাস্থ্যসচিব যিনি ছিলেন, নারায়ণ স্বরূপ নিগম.. তিনি এখনও আছেন। যেখানে একটা খুন হল, সেখানে তিনি কী করে রাতারাতি বাথরুম আর পিজিটি রুমটা ভেঙে আবার নতুন করে তৈরি করে দিলেন? পিজিটি ডিপার্টমেন্টের ২৯ জনের সাক্ষরও ছিল সেখানে।’
