গল: ভারত ও শ্রীলঙ্কার মধ্যে গল-এ খেলা প্রথম টেস্টের প্রথম দিন Team India বড় ধাক্কা খেয়েছে। তৃতীয় সেশনের আগে দলের সহ-অধিনায়ক কে এল রাহুল (KL Rahul) চোট পান। এরপর তাঁকে রিটায়ার্ড হার্ট হতে হয়। রাহুল ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৭* রান করে ফেলেছিলেন। তিনি ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন, কিন্তু হঠাৎই তাঁকে মাঠ ছাড়তে হয়। দিনের খেলা শেষ হওয়ার পর টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সীতাংশু কোটাক রাহুলের চোট নিয়ে আপডেট দিয়েছেন। কোটাক জানিয়েছেন, রাহুলের পেশিতে টান লেগেছিল।
টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ কী আপডেট দিলেন?
প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর Team India-র ব্যাটিং কোচ কোটাক বলেন, “কে এল রাহুল খুব ভাল ব্যাটিং করেছে। আমার মনে হয়, ওর শুধু পেশিতে টান লেগেছিল। দিনের শেষে সে ঠিক ছিল। যখন টান ধরতে শুরু করে, তখন সেটা ‘হ্যামস্ট্রিং’, কুঁচকি বা হাতেও হতে পারে। কিন্তু এই মুহূর্তে তাকে একেবারে ঠিকই দেখাচ্ছে। তাই আশা করছি, ও কাল খেলার জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে।”
ভারতীয় ব্যাটিং কোচ রাহুলের ব্যাটিং নিয়ে খুশি। রাহুল সীমিত ওভারের ক্রিকেটে নিচের দিকে ব্যাট করেন, আর টেস্ট ক্রিকেটে ইনিংস ওপেন করছেন। তিনি বলেন, “ও এমন একজন খেলোয়াড়, যে যখন ODI খেলে, ছয় নম্বর বা পাঁচ নম্বরে ব্যাট করে। আপনি যখন একজন অভিজ্ঞ ব্যাটসম্যান হন এবং যে কোনও নম্বরে ব্যাট করতে ও দলকে সাহায্য করতে প্রস্তুত থাকেন, তখন সেটাই প্রমাণ করে যে, আপনি একজন দারুণ খেলোয়াড়।”
তিনি আরও বলেন, “রাহুল দলের জন্য খুবই প্রয়োজনীয় খেলোয়াড়। লাল বলের ক্রিকেটে ও ইনিংস শুরু করে এবং ODI-তে যেখানে দরকার, সেখানে ব্যাট করে। এখন যেভাবে ও ব্যাট করছে, তাতে অনেক দায়িত্ব নিচ্ছে, জুটি গড়ার চেষ্টা করছে এবং এটা খুবই ভাল বিষয়। ও ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করে চলেছে।”
‘পিচ স্পিনারদের জন্য সহায়ক হতে পারে’
গল টেস্টের পিচে প্রথম দিনে ব্যাটসম্যানরা বেশ সাহায্য পেয়েছেন। কোটাক-এর মতে, আগামী দিনে পিচ স্পিনারদের জন্য আরও সহায়ক হতে পারে। তিনি বলেন, “পিচটা একটু শুকনো ধরনের এবং আপাতত এটা পুরোপুরি ব্যাটিংয়ের জন্য ভাল উইকেট। সাধারণত বল ব্যাটে খুব ভালভাবে আসে এবং খুব বেশি স্পিনও হয় না। আমাদের জন্য দুই উইকেটে ২৮৮ রানের স্কোর ভাল ইঙ্গিত।”
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার… ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
