তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: গাড়িতে লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন, জনপ্রিয় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Jaayjeet Banerjee)। দিন কয়েক আগেই একটি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হন জয়জিৎ, বাড়ি ফেরার সময়ে একটি লরি বেপরোয়া গতিতে এসে ধাক্কা মারে তাঁর গাড়িতে। সামনের সিটে বসে থাকার জন্য, বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচেন জয়জিৎ। গোটা বিষয়টাই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন তিনি। কলকাতা পুলিশ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নজরেও তিনি গোটা বিষয়টি আনতে চান। কোনও ক্ষতিপূরণ নয়, রাস্তায় যাতে এই ধরণের বিপদের মুখে অন্যরা না পড়েন, সেই সতর্কতার জন্যই এই পদক্ষেপ নিতে চেয়েছিলেন জয়জিৎ। তবে একটা দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও, পুলিশের তরফে কোনও সাহায্য বা পদক্ষেপ নেওয়া হয়নি বলে হতাশ অভিনেতা।
রাস্তায় দুর্ঘটনা, কেমন আছেন জয়জিৎ? কী বলছেন তিনি?
গত ১৯ অগাস্ট দুর্ঘটনার সম্মুখীন হয় জয়জিৎ, একটি লরি বেপরোয়া গতিতে এসে পিছন থেকে ধাক্কা মারে অভিনেতার গাড়িকে। তাঁর গাড়ি প্রবলভাবে ক্ষতিগ্রস্থ হলেও, গুরুতর আহত হননি জয়জিৎ বা তাঁর গাড়ির চালক কেউই। গাড়ির সামনে বসে থাকার জন্য বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ঘটনাটি ঘটার পরে, হরিদেবপুর থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন জয়জিৎ, সেখান থেকে একটি MCR করা হয়। তবে এর পরে আর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিনেতা জানিয়েছেন। এবিপি লাইভ বাংলাকে জয়জিৎ বললেন, ‘আমি কোনও ক্ষতিপূরণ চাই না, আমি কেবল চাই আর কেউ রাস্তায় বেরিয়ে যেন বিপদের মুখে না পড়েন। কারও যেন ক্ষতি না হয়। আমি কেবল চেয়েছিলাম, লরিটাকে চিহ্নিত করে ওই চালককে সতর্ক করতে, যাতে চালক এই ধরণের আর কোনও ঘটনা না ঘটায়। কিন্তু পুলিশের তরফ থেকে আমার কাছে কোনও ফোন পর্যন্ত আসেনি। পুলিশের তরফ থেকে আরও তৎপরতা আশা করেছিলাম।’
তবে জয়জিৎ জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার খবর জানানোর পরে, প্রচুর ফোন পেয়েছেন তিনি। সহকর্মী থেকে শুরু করে অনেক শুভাকাঙ্খীই ফোন করে জানতে চেয়েছেন, তিনি সুস্থ রয়েছেন কি না। জয়জিতের কথায়, ‘কৌশিকদা, টোটাদা, রুদ্রনীল থেকে শুরু করে যশরাজ ফিল্মের হেড শুভঙ্করদা… অনেকেই আমায় ফোন করেছিলেন। প্রত্যেকেই জানতে চেয়েছেন আমি কেমন আছি, কোনও ক্ষতি হয়নি তো.. আমায় যে এত মানুষ ভালবাসেন, তা যেন আবার নতুন করে বুঝলাম। এটাই প্রাপ্তি। তবে পুলিশের তরফে আরও তৎপরতা প্রত্যাশা করেছিলাম।’
