কলকাতা: নিয়মিত বিনিয়োগের মাধ্যমে সম্পদ তৈরি করা অন্য কোনও ভাবে সম্পদ তৈরির থেকে অনেক বেশি সহজ। তবে যে কোনও SIP বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে যদি বছরে বিনিয়োগের পরিমাণ বাড়ানো যায় বা স্টেপ আপ করা যায় তাহলে কম্পাউন্ডিংয়ের সুবিধা আরও বেশি করে পাওয়া যায়। হিসাব বলছে, মাত্র ১ হাজার টাকা বেশি বিনিয়োগ দিয়ে কেউ যদি শুরু করে তাহলে দীর্ঘ সময়ে তৈরি হতে পারে বিরাট পার্থক্য।
আরও পড়ুন: সপ্তাহান্তে বৃষ্টির দাপট, উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
ধরা যাক, কেউ মাসে ৫ হাজার টাকা SIP দিয়ে শুরু করলেন। এর পর প্রতি বছর বিনিয়োগের পরিমাণ ১০ শতাংশ করে বৃদ্ধিও করলেন তিনি। ১২ শতাংশ প্রত্যাশিত রিটার্ন এবং ১৫ বছরের বিনিয়োগের হিসাবে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৩৪ লক্ষ ৩৬ হাজার ৪৯৯ টাকা। আনুমানিক রিটার্ন ৬৫ লক্ষ ৭ হাজার ৮৫৭ টাকা এবং মোট কর্পাস হতে পারে ৯৯ লক্ষ ৪৪ হাজার ৩৫৭ টাকা।
এবার ওই ব্যক্তি যদি ৫ হাজারের বদলে ৬ হাজার টাকার SIP করেন, তাহলে বার্ষিক ১০ শতাংশ স্টেপ আপ হিসাব করলে ও বছরে ১২ শতাংশ রিটার্ন পাওয়া যাবে মনে করলে ২০ বছরের হিসাবে মোট বিনিয়োগ দাঁড়ায় ৪১ লক্ষ ২৩ হাজার ৭৯৯ টাকা। এর আনুমানিক রিটার্ন ৭৮ লক্ষ ৯ হাজার ৪২৯ টাকা এবং মোট মূল্য হতে পারে ১ কোটি ১৯ লক্ষ ৩৩ হাজার ২২৯ টাকা। অর্থাৎ আগের হিসাবের তুলনায় কর্পাস প্রায় ২০ লক্ষ টাকা বেশি হতে পারে।
আরও দীর্ঘ ২৫ বছরের সময়সীমায় পার্থক্য আরও স্পষ্ট হয়। মাসে ৫ হাজার টাকা SIP এবং প্রতি বছর ১০ শতাংশ স্টেপ-আপ করলে ২৫ বছরে কর্পাস প্রায় ২ কোটি ১৩ লক্ষ টাকা হতে পারে। একইভাবে প্রাথমিক SIP-এ আরও ১ হাজার টাকা যোগ করে অর্থাৎ ৬ হাজার টাকা দিয়ে শুরু করলে ১০ শতাংশ বার্ষিক স্টেপ-আপের মাধ্যমে কর্পাস প্রায় ২ কোটি ৫৬ লক্ষ টাকা হতে পারে।
তবে শেয়ারবাজারে রিটার্ন কখনও নিশ্চিত নয়। ফলে চূড়ান্ত কর্পাস প্রত্যাশার সঙ্গে মিলবেই এমন নয়। দীর্ঘমেয়াদি অবসর পরিকল্পনায় ধীরে ধীরে সঞ্চয়ের পরিমাণ বাড়ানো এবং বিনিয়োগকে দীর্ঘ সময় ধরে রাখার ফলে চক্রবৃদ্ধির সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
