Headlines

Rahul Gandhi News: | Rahul Gandhi flight makes goes around due to bad weather while on his way to Lucknow from Delhi


নয়াদিল্লি: উত্তরপ্রদেশে নামার মুখে বিপত্তি। প্রথম চেষ্টায় অবতরণই করতে পারল না লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর বিমান। খারাপ আবহাওয়ার দরুণ লখনউ বিমানবন্দরে প্রথম চেষ্টায় নামতে পারেনি এয়ার ইন্ডিয়ার বিমানটি। লখনউয়ের আকাশে প্রায় ২৫ মিনিট চক্কর কাটে বিমানটি। দ্বিতীয়বারের চেষ্টায় শেষ পর্যন্ত অবতরণে সফল হয়। খারাপ আবহাওয়া, ঝোড়ো বাতাসের দরুণই বিমানটির অবতরণে সমস্যা দেখা দেয় বলে জানা গিয়েছে। (Rahul Gandhi Flight)

মঙ্গলবার দিল্লি থেকে উত্তরপ্রদেশের উদ্দেশে রওনা দেন রাহুল। এয়ার ইন্ডিয়ার AI-1717 (Airbus A320) বিমানটিতে সওয়ার ছিলেন তিনি। দুপুর ৩টে বেজে ৩০ মিনিটে বিমানটির অবতরণের কথা ছিল লখনউয়ের চৌধরি চরণ সিংহ আন্তর্জাতিক বিমানবন্দরে। কিন্তু আবহাওয়া এতটাই খারাপ ছিল যে অবতরণে সমস্যা দেখা দেয়। কোনও রকম ঝুঁকি না নিয়ে আকাশেই চক্কর কাটার সিদ্ধান্ত নেন পাইলট। বেশ খানিক ক্ষণ আকাশে উড়ে বেড়ানোর পর শেষ পর্যন্ত ৩টে বেজে ৫৫ মিনিটে নিরাপদে অবতরণ করে বিমানটি। (Rahul Gandhi News)

আরও পড়ুন: কলকাতার ৪০টি রেস্তরাঁর লাইসেন্স বাতিল হল এবার, কোথাও খাবারে ছত্রাক, কোথাও আবার দেওয়ালের রং, তালিকায় একাধিক নামী সংস্থা

অবতরণের সময় সমস্যা দেখা দিলে আকাশেই বিমান নিয়ে চক্কর কাটেন পাইলটরা। এই পদ্ধতিকে বলা হয় go-around. ঝুঁকি নিয়ে রানওয়ে ছোঁয়ার পরিবর্তে নিরাপদ উচ্চতায় আকাশেই চক্কর কাটতে থাকে বিমান। আবহাওয়ার কারণেও এমনটা করা যেতে পারে, আবার এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে নির্দেশ এলে, রানওয়েতে নামার ক্ষেত্রে কিছু সমস্যা থাকলে go-around-এর রাস্তাই বেছে নেওয়া হয়। মঙ্গলবার রাহুল যে বিমানে সওয়ার ছিলেন, তাতেও একই ঘটনা ঘটে। 

শেষ পর্যন্ত রাহুল এবং বিমানে সওয়ার অন্য যাত্রীরা নিরাপদেই অবতরণ করেন লখনউতে। এয়ার ইন্ডিয়ার তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে বিমানবন্দরের বাইরে কংগ্রেস কর্মী এবং সমর্থকরা ভিড় করেছিলেন। সেখানে রাহুলকে স্বাগত জানান সকলে। রাহুলকে স্বাগত জানাতে হাজির ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই এবং অখণ্ড প্রতাপ সিংহ। বিমানবন্দর থেকে গাড়িতে চেপে রায়বরেলী রওনা দেন রাহুল। 

আরও পড়ুন: ‘আমার অবসরের অপেক্ষা করছেন মনে হচ্ছে’, শুনানি চলাকালীন বললেন CJI সূর্যকান্ত

এ নিয়ে ‘দ্য টেলিগ্রাফে’ মুখ খোলেন বিমান পরিবহণ বিভাগের এক আধিকারিক। তিনি বলেন, “প্রথম বারের চেষ্টায় অবতরণ করতে পারেনি বিমানটি। হালকা বৃষ্টি হচ্ছিল। নিম্নচাপ ছিল যেমন, বইছিল হাওয়াও। তাতেই আকাশে চক্কর কাটতে হয় বিমানটিকে। আবহাওয়াজনিত কারণে এমনটা স্বাভাবিক। শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করে বিমানটি। যাত্রীরা সকলে নিরাপদে নেমে আসেন।”

রায়বরেলী রাহুলের নিজের নির্বাচনী কেন্দ্র। সেখানে দু’দিনের সফর রয়েছে তাঁর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। দেখা করবেন সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে। স্থানীয় স্বর্ণ ও রৌপ্য ব্যবসায়ীদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি, বন্যা পরিস্থিতি নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় ও নজরদারি কমিটির সঙ্গেও বৈঠক রয়েছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *