ক্রাইস্টচার্চ: নিউজ়িল্যান্ড সফরে (NZ vs IND) মেরেকেটে সাত ম্যাচের একটিতে খেলার সুযোগ পেয়েছেন তিনি। দুই টেস্টেই বাইরে বসে থাকতে হয়েছে ভারতের হয়ে ইংল্যান্ডে অনবদ্য পারফর্ম করা মহম্মদ সিরাজকে (Mohammed Siraj)। তাঁকে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে চারিদিকে আলোচনা, সমালোচনা, বিতর্ক অব্য়াহত। তবে এসবের মাঝেও সমর্থকদের মনের মণিকোঠায় যে ‘মিঞা ভাই’য়ের জন্য ভালবাসা এতটুকুও কমেনি, তা ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনেই দেখা গেল।
একাদশ থেকে বাদ পড়া সিরাজকে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে বাউন্ডারি লাইনের বাইরে স্ট্যান্ডে উপস্থিত সমর্থকদের অটোগ্রাফ বিলোতে দেখা যায় ভারতের তারকা ফাস্ট বোলারকে। ৩১ বছর বয়সি ফাস্ট বোলার হাসিমুখেই সকলের অনুরোধ রেখে অটোগ্রাফ দেন। তাঁকে বাউন্ডারি লাইনে অটোগ্রাফ দিতে দেখেই সমর্থকরা উচ্ছ্বাসে ভাসেন, করতালি দিয়ে তাঁকে ধন্যবাদ জানান। সমর্থকদের সঙ্গে সিরাজের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Mohammed Siraj signing autographs for fans. Benched in both games, still taking time out at the boundary for fans. ❤️❤️❤️ https://t.co/93PN3xJAxx
— Vivek (@vivek199928) November 27, 2026
তবে এসবের বাইরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সর্বাধিক উইকেট নেওয়া সিরাজকে মাঠের বাইরে রাখা নিয়ে বিতর্ক চরমে। প্রথম টেস্টে সিরাজকে বাদ দেওয়ার পরে কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ সিরাজের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনেছিলেন। ANI-কে দেওয়া সাক্ষাৎকারে মাসুদ দাবি করেন সিরাজের নামই তাঁকে দল থেকে বাদ দেওয়ার নেপথ্যে। তিনি অভিযোগ করেন, ‘সবাই বলছে ভাল পারফরম্যান্স সত্ত্বেও দলে ওকে জায়গা দেওয়া হয়নি। ওর নাম সিরাজ বলেই ওকে দলে খেলানো হল না। ভাল পারফরম্যান্স সত্ত্বেও ওকে দলে না নিলে তো বৈষম্যটা স্পষ্ট হয়ে যায়।’
পুনরায় তাঁকে একাদশে না রাখায় ফের একবার অনেক জায়গা থেকে এই একই প্রশ্ন উঠছে। এদিকে দলে জায়গা না পাওয়ায় ভাইরাল এক ভিডিও দেখে অনেকেই মনে করছেন ব্রাত্য সিরাজ কেঁদেই ফেলেছেন। এই সিরিজ় সম্প্রচারকারী চ্যানেলে এই সিরিজের জন্য ধারাভাষ্যকার হিসাবে যুক্ত প্রাক্তন ক্রিকেটার অজিঙ্ক রাহানে ও মুরলী কার্তিক। সেখানেই সিরাজ়ের ছবি দেখে রাহানে বলে ওঠেন, ‘এই ছবি দেখো।’ কার্তিক প্রশ্ন করেন, ‘ও কি কাঁদছে?’ রাহানে বলেন, ‘সেটাই আমি জিজ্ঞেস করছি। মানুষ তো। আবেগ থাকা স্বাভাবিক।’
আরও পড়ুন:- ‘আরও ভাল করতে পারত’ ভারত, প্রথম দিনের খেলা শেষে দাবি ফাস্ট বোলার আকাশ দীপের
এরপরই ক্ষোভে ফেটে পড়েন প্রাক্তন স্পিনার কার্তিক। বলেন, ‘আমরা এমন প্লেয়ারদের সঙ্গে খেলেছি যাদের অনেকে বাদ পড়লেও মেনে নেয়। যেন কিছুই হয়নি। তবে কিছু লোক খেলতে চায়। তাদের পায়ে ব্যথা, কী মাথায় ব্যথা, শরীরে ব্যথা – যাই হোক না কেন তফাত হয় না। মাঠে জীবন দিতে প্রস্তুত থাকে। সিরাজও সেরকমই বোলার। ও হয়তো মনের ভেতরের যন্ত্রণা লুকোতে চাইছে। ওয়ান ডে থেকেও ওকে বাদ দেওয়া হয়েছিল। ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে যে সিরিজ হয়েছিল, সেখানেও শেষ ম্যাচে যখন কাউকে না খেলানোর সিদ্ধান্ত হয়েছিল, তখন ওকে সুযোগ দেওয়া হয়।এটা ক্রিকেটারকে আঘাত দেয়। ওর রেকর্ড দেখুন। আমি তো অবাক হয়েছি। যদি মনে হয় ওর ফর্ম ঠিক নেই, তা হলে দলে রেখোই না। নেটে বল ভাল করছে না, বা ওকে নিয়ে যা মতামতই থাকুক না কেন, ওকে দলে রেখো না। ওকে নিয়ে যাওয়ারই দরকার নেই। কী লাভ দলে রেখে তা হলে?’
সব মিলিয়ে সিরাজ়ের একাদশ থেকে বাদ পড়া ঘিরে যে আলোচনা, বিতর্ক একেবারে তুঙ্গে, তা কিন্তু বলাই বাহুল্য।
