সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!


ভোপাল: মধ্য প্রদেশের দুর্নীতি দমন শাখা লোকায়ুক্ত এক সরকারি আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়েছে। অভিযুক্ত ওই সরকারি আধিকারিক সঞ্জীব কুমার শর্মা মধ্য প্রদেশের সাতপুরা টাইগার রিজার্ভের সঙ্গে যুক্ত। সেখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে কর্মরত ওই ব্যক্তি। দুর্নীতি দমন শাখা তল্লাশি চালিয়ে তাঁর প্রায় ৭ কোটি ৬০ লক্ষ টাকা সম্পদের হিসাব পেয়েছে। উদ্ধার হয়েছে ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ।

আরও পড়ুন: আর্থিক দুর্নীতির অভিযোগে ছেড়েছিলেন ভারত, এবার ব্রিটিশ নাগরিক হলেন ললিত মোদি

দুর্নীতি দমন শাখা সূত্রে খবর, এই আধিকারিক অর্থাৎ সঞ্জীব কুমার শর্মা, তাঁর স্ত্রী ও আরও কয়েকজনের বিরুদ্ধে আয়ের তুলনায় অনেক বেশি সম্পত্তি তৈরি করার একটা অভিযোগ জমা পড়েছিল। প্রাথমিক অনুসন্ধান শেষে দুর্নীতি দমন শাখা জানতে পারে এই ব্যক্তির সম্পত্তির পরিমাণ তাঁর উপার্জনের ২২৮ শতাংশ হতে পারে। আর তারপরই দুর্নীতি প্রতিরোধ আইনের আওতায় মামলা দায়ের করা হয়। আদালতের কাছ থেকে তল্লাশির অনুমতি পাওয়ার পরই অভিযান শুরু করে লোকায়ুক্ত।

দুর্নীতি দমন শাখা একাধিক ভাগে ভাগ হয়ে তল্লাশি করতে যায়। তাঁরা পাচমারিতে ওই আধিকারিকের সরকারি বাসভবন, অফিস ও ছিন্দওয়াড়ায় তাঁর নিজের বাড়িতে তল্লাশি করতে যায়। প্রাথমিক হিসাব বলছে ওই আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২৬ লক্ষ ৩৬ হাজার ৮০০ টাকা ক্যাশ, ২ কেজি ৫০০ গ্রামের বেশি সোনা, যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকা ও ১ কেজি ৬০০ গ্রামের বেশি রুপো যার বাজারমূল্য ২ লক্ষ ৯৪ হাজার টাকা।

এ ছাড়াও ওই আধিকারিকের মোট ৪ টে গাড়ির খোঁজ পেয়েছেন তাঁরা। এর মধ্যে রয়েছে একটি স্করপিও, একটি মাহিন্দ্রা KUV, একটি রয়্যাল এনফিল্ড বুলেট এবং একটি স্কুটার। এই সব গাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১ লক্ষ টাকার মতো। এ ছাড়াও ওই আধিকারিকের বাড়িতে আরও ৫০ লক্ষ টাকার বিভিন্ন বাড়ির জিনিসপত্রও পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে দুর্নীতি দমন শাখার তরফে।

তবে শুধু এইটুকু নয়। তদন্তে জানা গিয়েছে, সঞ্জীবের আরও বেশ কিছু সম্পত্তি রয়েছে। এর মধ্যে একটি হল রিসর্ট আর অন্যটি ভিলা। ‘ইকোটেল রিসর্ট’-এর আনুমানিক মূল্য ২ কোটি টাকা ও ‘সেরেনিটি দ্য ভিলা’-র আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। এ ছাড়াও জমি কেনাবেচা সংক্রান্ত ২৮টি নথিও উদ্ধার করেছেন তদন্তকারীরা।

কিন্তু এই সব সম্পত্তির আসলে কত দাম, সেই মূল্যায়ন এখনও করা হয়নি। জমির নথিগুলিও খতিয়ে দেখা বাকি। ফলে সম্পত্তির মোট পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। মধ্য প্রদেশের দুর্নীতি দমন শাখার প্রাথমিক হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত যে সব সম্পত্তির সন্ধান মিলেছে তার বাজার মূল্য প্রায় ৭ কোটি ৬০ লক্ষ টাকা।

আরও পড়ুন: মহাকাশ গবেষণায় SpaceX-এর ইতিহাস, মাঝ আকাশেই Starship-কে লুফে নিল ইলন মাস্কের সংস্থা

দুর্নীতি দমন সংস্থার দাবি, এই সম্পত্তি সঞ্জীবের জ্ঞাত আয়ের উৎসের তুলনায় প্রায় ৫৬০ শতাংশ বেশি। তবে তদন্তকারী সংস্থা স্পষ্ট জানিয়েছে, এটি প্রাথমিক হিসাব। সমস্ত নথি যাচাই এবং রিসর্ট ও ভিলার মূল্যায়ন শেষ হলেই সম্পত্তির প্রকৃত পরিমাণ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। তল্লাশি অভিযান এখনও চলছে। প্রয়োজনে সঞ্জীবের সঙ্গে যুক্ত আরও কয়েকটি জায়গাতেও তল্লাশি চালাতে পারে লোকায়ুক্তের দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *