সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ


আবির দত্ত, কলকাতা : আদালত থেকে বের করার সময়েও সব্যসাচী দত্তকে দেখে ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা। গ্রেফতার হয়েছেন বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। তাঁকে গ্রেফতার করে থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময়েও প্রবল জনরোষের মুখে পড়েন এককালের এই দাপুটে তৃণমূল নেতা। তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সব্যসাচী দত্তকে। থানা থেকে বের করে আদালতে নিয়ে যাওয়ার সময়, সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম, টমেটো। গায়ে লেপে দেওয়া হল গোবর। তোলাবাজির একের পর এক অভিযোগ তুলে সরব হলেন স্থানীয়রা। সব্যসাচী দত্তর ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিধাননগর মহকুমা আদালত। এদিন আদালতে শুনানির পর যখন সব্যসাচী দত্তকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ফের একবার তাঁকে সামনে দেখতে পেয়েই ডিম ছুড়তে শুরু করেন স্থানীয় বিক্ষোভকারীরা। 

সোমবার রাতে গ্রেফতার হয়েছেন বিধাননগর পুরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত। আর মঙ্গলবার, বিধাননগর উত্তর থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময়, তাঁর বিরুদ্ধে আছড়ে পড়ল ক্ষোভ। বিধাননগর কর্পোরেশনের প্রাক্তন মেয়রকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম, টমেটো, গোবর। দীর্ঘদিনের কাউন্সিলর, দু’বারের বিধায়ক সব্যসাচী দত্তকে শুনতে হয় চোর চোর স্লোগান। একই চিত্র দেখা গেল সব্যসাচী দত্তকে আদালত থেকে বের করার সময়েও। শুনানি শেষে সব্যসাচীকে আদালত থেকে বের করার সময় ফের তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ওঠে চোর চোর স্লোগান। 

তোলাবাজির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার আরেক কাউন্সিলর, ধৃত তাঁর স্বামীও

খোদ জনপ্রতিনিধির বিরুদ্ধেই বেলাগাম তোলাবাজির অভিযোগ। পুলিশের জালে বিধাননগর পুরসভার চেয়ারম্যান, তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। বিধায়ক থাকাকালীন সল্টলেকের এক ব্যবসায়ীর থেকে ১ কোটি আড়াই লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন সল্টলেকের ওই ব্যবসায়ী। সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলা চেয়ে ভয় দেখানো, খুনের হুমকি, মানসিক নির্যাতন সহ একাধিক অভিযোগ জানান তিনি। এমনকি ১ কোটি টাকার বেশি তোলাবাজির পরেও, ওই ব্যবসায়ীর থেকে আরও টাকা চাওয়ার অভিযোগ রয়েছে সব্যসাচী দত্তর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী ব্যবসায়ী এই সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ তদন্তকারীদের হাতে জমা দিয়েছেন। জিজ্ঞাসাবাদ পর্বে বারবার নিজেকে নিরপরাধ দাবি করেন সব্যসাচী দত্ত। তোলাবাজির অভিযোগ অস্বীকার করেন তিনি। পুলিশ সূত্রে দাবি, তাঁদের হাতে থাকা তথ্যপ্রমাণের সামনে বিধাননগর পুরসভার চেয়ারম্যানের কোনও যুক্তিই ধোপে টেকেনি। পুলিশ সূত্রে খবর, সব্যসাচী দত্তর বিরুদ্ধে আরও যে সব অভিযোগ আছে, তা খতিয়ে দেখা হবে। তোলাবাজির অভিযোগ অস্বীকার করে অভিযোগকারীকেই কাঠগড়ায় তুলেছেন সব্যসাচী দত্ত। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *