ম্যাঞ্চেস্টার: বিজয়রথ ছুটছে ভারতের, মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (Womens T20 World Cup 2026) বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের (Harmanpreet Kaur)। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে সহজ জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ১৩৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল ভারতের মেয়েরা। ১৯ বল বাকি থাকতেই যে ম্য়াচে সহজেই জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ক্রিজে অপরাজিত ছিলেন হরমনপ্রীত কৌর ও দীপ্তি শর্মা। অর্ধশতরানের ইনিংস খেললেন শেফালি বর্মা।
এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ১৩৬ রান বোর্ডে তুলেছিল বাংলাদেশ। রাধা যাদব ৩ উইকেট নেন। ২ উইকেট নেন শ্রী চরণী। রান তাড়া করতে নেমে স্মৃতি মন্ধানা খুব বেশিরান বোর্ডে তুলতে পারেনি। ৮ রানে আউট হয়ে যান তিনি। কিন্তু অপর ওপেনার শেফালি বর্মা অর্ধশতরান হাঁকালেন। ৩৪ বলে অর্ধশতরানের ইনিংসটিতে আটটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান শেফালি। ইয়াস্তিকা ভাটিয়া ১৮ বলে ২৩ রানের ইনিংস খেলেন। তিনটি বাউন্ডারি হাঁকান তিনি। লোয়ার অর্ডারে নেমে জেমাইমা রডরিগেজ ১৫ বলে ২৬ রানের ইনিংস খেলেন। তিনটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান জেমাইমা। হরমনপ্রীত কৌর ১৪ বলে ১৩ রানের ইনিংস খেলেন। দীপ্তি ৫ রানে অপরাজিত থাকেন।
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনও ম্য়াচে হারেনি ভারতীয় ক্রিকেট দল। পাকিস্তানের বিরুদ্ধেও টুর্নামেন্টে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৬৪ রানের জয়ের পর একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দাবি করা হচ্ছে যে, হরমনপ্রীত কৌর ও পাকিস্তানি অধিনায়ক ফাতিমা সানা একে অপরের সঙ্গে লড়াই করেছেন। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যে, পাকিস্তানি খেলোয়াড় প্রথমে হরমনপ্রীতকে কিছু বলেছিলেন, যার পরে ভারতীয় অধিনায়ক তাঁর গলা ধরে ধাক্কাও দিয়েছিলেন। পরে আম্পায়ার এবং অন্যান্য খেলোয়াড়রা হস্তক্ষেপ করেন। যদিও ভিডিওটি ভাইরাল হওয়ার পরে এবিপি লাইভ এই ভিডিওটি পরীক্ষা করে দেখেছে যে, এটি এআই দ্বারা তৈরি করা হয়েছে। হরমনপ্রীত কৌর এবং ফাতিমা সানার মধ্যে বিতর্ক এবং মাঠে লড়াইয়ের এই ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো। পাকিস্তানি অধিনায়ক ফাতিমা সানার জার্সি নম্বর ১৪, কিন্তু ভাইরাল ভিডিওতে তাঁর জার্সি নম্বর ৫৫ দেখানো হয়েছে। অন্যদিকে, আম্পায়ারের জার্সির রঙ লাল হয়, যেখানে এই ভিডিওতে জার্সির রঙ গাঢ় লাল দেখানো হয়েছে। এমন অনেক প্রমাণ এই ভিডিওটিকে ভুয়ো প্রমাণ করে।
FIFA World Cup 2026: মহাকাশে বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে গবেষণা করছে NASA?
