Baruipur Case: ‘মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো…’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?


সমীরণ পাল, বাচ্চু দাস ও প্রদ্যোৎ সরকার, কলকাতা: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনকাণ্ডের মূল অভিযুক্তকে এনকাউন্টার করেছে পুলিশ। এর ফলে কি অপরাধীদের মনে ভয় বাসা বাধবে? বন্ধ হবে নারীদের ওপর অত্য়াচার? ধর্ষণ! নির্যাতন! তারপর পুকুরে ডুবিয়ে খুন! বারুইপুরে নাবালিকার নির্মম পরিণতির নেপথ্য়ে মূল অভিযুক্তকে এনকাউন্টার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছে দক্ষিণবঙ্গের কালীগঞ্জের সন্তান হারানো মা থেকে উত্তরবঙ্গের মাটিগাড়ার নির্যাতিতার পরিবার।

কী বলছেন মাটিগাড়ার নির্যাতিতার মা?

২০২৩ সালের ২১ আগস্ট, মাটিগাড়ায় একাদশ শ্রেণির ছাত্রীকে পরিত্যক্ত ঘরে ধর্ষণের পর খুন করা হয়। ইট দিয়ে বীভৎসভাবে মুখ থেঁতলে দেওয়া হয় নির্যাতিতার। মাটিগাড়ায় নির্যাতিতা নাবালিকার মা বারুইপুরের ঘটনা প্রসঙ্গে বলছেন, ‘ওঁর মেয়ে মারা গেছে কিন্তু ন্য়ায়বিচার পেল। সঙ্গে সঙ্গে সাজা পেল। এনকাউন্টার হল। আমার কেসেও মাটিগাড়া থানার পুলিশ এরকম করত, শান্তি হত আমার মনে।’

কী বলছেন কুলতলির নির্যাতিতা মেয়েটির মা?

প্রায় একই সুর শোনা গেছে কুলতলিতে ধর্ষিতা নাবালিকার মায়ের গলাতেও। কুলতলিতে ধর্ষিতা নাবালিকার মা বলছেন, ‘আমার মেয়ের সময় তো বিচার পাইনি। বারুইপুরে যে ঘটনা ঘটেছিল, এনকাউন্টার করে দিয়েছে, শুনে খুব খুশি হলাম। আমার বেলাতেও যদি এরকম করত, তাও আমি খুশিই হতাম।’

ভয়াবহ অভিজ্ঞতা অভয়ার মায়ের

আরজি কর মেডিক্যাল কলেজেও ঘটেছিল নারকীয় কাণ্ড!গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল সরকারি হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা। রত্না দেবনাথ বলছেন, ‘আমাদের ঘটনাটাতেও CBI বলেছে, মেয়েটার ভাগ্য খারাপ। ঘটনাটা নিয়ে রাজনীতি হচ্ছে। একটা মেয়ে, MD শেষ হতে আর মাস ছয়েক বাকি.. মেয়ে ডাক্তার হবে, বিয়ে দেব। আমার তো গোটা সংসারটা ভেঙে গেল। যে ছেলেটা এত বছর ধরে একসঙ্গে পড়াশোনা করল, চোখে একটা স্বপ্ন ছিল.. তার জন্য ও তো আমার কষ্ট হয়। একটা সুরক্ষিত বলয়ের মধ্যে এই ঘটনা কেন ঘটল, আজও উত্তর নেই আমার কাছে। দৃষ্টান্তমূলক শাস্তি তো পরে, আগে তো অপরাধীরা ধরা পড়ুক। কেন আমার মেয়েকে গ্রীন করিডোর করে নিয়ে আসা হল? আমরা তো চাইনি। চুল্লিতে ওকে ঢুকিয়ে দিতে পারলে, ওকে সরিয়ে দিতে পারলেই বেঁচে যায়। যেন কুকুর, বেড়াল মরে পড়ে রয়েছে।’

কী বলছেন নিহত তামান্নার মা?

কালীগঞ্জে উপনির্বাচনে হওয়া তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় ছিন্নভিন্ন হয়ে যায় ছোট্ট তামান্না। নিহত তামান্নার মা বলছেন, ‘এই সরকারকে ধন্য়বাদ। ছোট্ট মেয়েটাকে যে মেরেছে, সেই ক্রিমিনালকে অন্তত এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। সেটাও আবার ৭ দিনের মধ্য়ে। যদি TMC সরকার থাকত, তাহলে আজও এই এনকাউন্টার হত না। আমার মেয়েটা চলে গেছে। ছোট্ট মেয়েটা বিনা দোষে শেষ করে দিয়েছে। ওই ক্রিমিনালদের ফাঁসি দিতে হবে। যদি বিজেপি সরকার তখন থাকত, তাহলে এই ক্রিমিনালগুলো আজ দুনিয়ায় থাকত না।’

এই এনকাউন্টারের ফলে কি অপরাধীদের মনে ভয় বাসা বাধবে? বন্ধ হবে নারীদের ওপর অত্য়াচার? উত্তর দেবে সময়।

 

আরও পড়ুন: Film on RG Kar Incident: ‘সরকার বদল না হলে, ‘অভয়া’-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না’, সাফ জানিয়ে দিলেন প্রযোজক



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *