নয়াদিল্লি: সদ্যই আসন্ন দলীপ ট্রফির (Duleep Trophy) জন্য পূর্বাঞ্চলের দল ঘোষিত হয়েছে। সেখানে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) সুযোগ পাওয়াটা খুব একটা আশ্চর্যের বিষয় নয়। তবে যে বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে সেটা হল বৈভবকে দলের সহ-অধিনায়ক ঘোষণা করা। দলে একাধিক সিনিয়র তারকা থাকলেও মাত্র ১৬ বছর বয়সেই বৈভবকে পূর্বাঞ্চল দলের সহ-অধিনায়কত্ব দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে অনেকেই বেশ খানিকটা বিস্মিত। নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত এক নির্বাচক অবশ্য দাবি করছেন এটি বৈভবের অগ্রগতির পথে আরও একটি ধাপ মাত্র এবং তিনি আশাবাদী যে বৈভব একদিন ভারতের অধিনায়কও হতে পারে।
ওড়িশার প্রাক্তন ক্রিকেটার তথা পূর্বাঞ্চলের অন্যতম নির্বাচক প্রাভঞ্জন মল্লিকের মতে বৈভবকে বাড়তি দায়িত্ব বুঝেশুনেই দেওয়া হয়েছে, যাতে সে আরও দ্রুত আরও পরিপক্ক হয়ে উঠে। Cricbuzz-কে দেওয়া এক সাক্ষাৎকারে মল্লিক জানান, ‘ওকে তো অধিনায়ক নয়, সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। ঈশান কিষাণ অধিনায়ক। বৈভব তো সারাদিন ধরে দলকে নেতৃত্ব দেবে না। ও দিন দিন আরও পরিপক্ক হচ্ছে এবং দায়িত্ববোধ ওকে আরও পরিপক্ক হতে সাহায্য করবে। দলীপ ট্রফিতে সহ-অধিনায়কত্ব করাটা ওর কাছে বড় সুযোগ। আমরা বিশ্বাস করি যে তরুণ খেলোয়াড়দের দায়িত্ব দেওয়াটা জরুরি। কে জানে, আমরা আশাবাদী যে ভবিষ্যতে ও হয়তো একদিন ভারতের অধিনায়ক হল। এই কথা ভেবেই ওকে সহ-অধিনায়কত্ব দেওয়া হয়েছে।’
এই সিদ্ধান্ত নেওয়ার আগে বৈভবের সঙ্গে কোনওরকম কোনও আলোচনা করা হয়নি বলে স্পষ্টই জানিয়ে দিয়েছেন মল্লিক। তবে তিনি আশাবাদী যে বৈভব দায়িত্ব নিতে সক্ষম। নিজের যুক্তির স্বপক্ষে তিনি জানান যে অতীতে একাধিকবার বৈভবকে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে। ‘ও দেশের হয়ে খুব ভাল পারফর্ম করছে এবং রাজস্থান রয়্যালসের হয়ে ওর আইপিএল মরশুমটাও খুব ভাল কেটেছে। প্রথম শ্রেণির ক্রিকেটে তো ও বিহারেরও সহ-অধিনায়ক।’ জানান মল্লিক।
পাশাপাশি পূর্বাঞ্চলের নির্বাচক মনে করছেন বৈভব দলীপ ট্রফিতে ভাল পারফর্ম করলে জাতীয় টেস্ট দলের দরজাও কিন্তু তার জন্য খুলে যেতে পারে। ‘ওর কাছে রান করার এটা বড় সুযোগ। দলীপ ট্রফিতে ভাল পারফর্ম করলে তো সেটা জাতীয় নির্বাচকরা দেখবেন। কে জানে ও হয়তো দ্রুতই ভারতীয় টেস্ট দলে সুযোগ পাওয়ার দৌড়ে চলে এল’, দাবি পূর্বাঞ্চল নির্বাচকের।
