Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক


নয়াদিল্লি: বসতি এলাকার উপর দিয়ে ছুটে যাচ্ছে রহস্যজনক গোলাকার বস্তু। এবার পশ্চিম এশিয়ার আকাশে দেখতে পাওয়া অজ্ঞাত উড়ন্ত যানের ছবি প্রকাশ করল পেন্টাগন। অজ্ঞাত উড়ন্ত যান নিয়ে নতুন যে একগুচ্ছ ফাইল প্রকাশ করেছে তারা, তা নতুন করে কৌতূহল বাড়িয়েছে। ওই উড়ন্ত যান আসলে ভিন্গ্রহী যান কি না, উঠছে প্রশ্ন। ধোঁয়াশা বজায় রেখে পেন্টাগন জানিয়েছে, তারাও উড়ন্ত যানটিকে শনাক্ত করতে পারেনি। ফলে বিষয়টির নিষ্পত্তি হয়নি। (UFO Files)

উড়ন্ত যানটির যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, বাড়িঘর-রাস্তাঘাটের উপর দিয়ে একটি গোলাকার বস্তু এদিক-ওদিক উড়ে চলেছে। সেনার ড্রোন ওই দৃশ্য ক্যামেরাবন্দি করে বলে দাবি। তবে ঠিক কোন জায়গায় উড়ন্ত যানটিকে দেখা যায়, তা খোলসা করা হয়নি। পেন্টাগনের আধিকারিকরা জানিয়েছেন, উড়ন্ত যানটির আচরণ ‘অস্বাভাবিক’ ছিল। তাঁদের হাতে যে সব তথ্য প্রমাণ উঠে এসেছে, তা দিয়ে সেটিকে শনাক্ত করা যায়নি। তবে শনাক্ত করা যায়নি বলেই সেগুলিকে ভিন্গ্রহী যান মনে করার কারণ নেই বলেও জানানো হয়েছে। (Pentagon UFO Files)

আরও পড়ুন: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?

শুধুমাত্র জনবসতিপূর্ণ এলাকাতেই নয়, প্রশান্ত মহাসাগরের উপরও চাকতির মতো একটি বস্তুকে উড়ে বেড়াতে দেখা গিয়েছে। কিছু ক্ষণের জন্য গায়েবও হয়ে যায় সেটি। আবার ফিরে আসে পর ক্ষণেই। সবমিলিয়ে নতুন করে ৪১টি ফাইল প্রকাশ করেছে পেন্টাগন, যার মধ্যে একডজনের বেশি ভিডিও রয়েছে। ছবি রয়েছে তিনটি। রয়েছে কিছু PFD ফাইলও। ১৯৫৩ সালের একটি নথিও পাওয়া গিয়েছে। একটি নথি আবার চলতি বছরের। 

গত কয়েক বছরে অজ্ঞাত উড়ন্ত যান নিয়ে কৌতূহল আরও বেড়েছে। আকাশে রহস্যজনক চাকতি উড়তে দেখার কথা উঠে এসেছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। আমেরিকা ভিন্গ্রহী যান সংক্রান্ত তথ্য গোপন করছে বলেও অভিযোগ ওঠে। দাবি ওঠে, সমস্ত গোপন ফাইল, নথি প্রকাশ করার। দ্বিতীয় বার ক্ষমতায় এসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই মতো নির্দেশ দেন। এর পরই ধাপে ধাপে নথিপত্র প্রকাশ করতে শুরু করে পেন্টাগন। তবে আকাশে বেশ কিছু রহস্যজনক বস্তু দেখা গেলেও, সেগুলিকে ভিন্গ্রহী যান বলে চিহ্নিত করেনি তারা। 

আরও পড়ুন: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

সম্প্রতি যে সব নথি প্রকাশ করা হয়েছে, তার মধ্যে FBI-এর একটি নথিতে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে বস্টন থেকে ডাবলিন যাওয়ার পথে আকাশে রহস্যজনক আলো দেখতে পান এক পাইলট। আরও বেশ কয়েক জন পাইলটের একই অভিজ্ঞতা হয়েছে। মধ্যরাত থেকে ভোররাত ৩টের মধ্যে ওই আলো চোখে পড়ে। প্রথমে বিন্দুর মতো জ্বলতে দেখা যায়, ক্রমে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে ওঠে। একটা সময় পর সরলরেখার আকার ধারণ করে। দিক পরিবর্তন করতেও দেখা যায় ওই আলোর রেখাকে। ২০২৩ সাল থেকে কমপক্ষে ১০ বার ওই রহস্যজনক আলো দেখার কথা জানান ওই পাইলট। 

১৯৫৩ সালের একটি PDF নথিতে আবার আমেরিকার US Photographic Interpretation Centre-এর ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, আমেরিকার পশ্চিমের মন্টানা এবং উটা-র আকাশে ১৯৫০ এবং ১৯৫২ সালে রহস্যজনক যান উড়তে দেখা যায়। আলো যত উজ্জ্বল হয়ে উঠছিল, যানটির আকারও বাড়ছিল। শিল্পীর তুলিতে ওই দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। আর একটি ছবিতে ত্রিভূজের মতো গাঢ় একটি বস্তু দেখা গিয়েছে, যার প্রত্যেক কোণে জ্বলতে দেখা যায় আলো। ২০১১ সালে আমেরিকার সেনার দুই কর্মী ওই দৃশ্য দেখেন বলে দাবি। ২০২২ সালে আমেরিকার কংগ্রেস প্রথম অজ্ঞাত উড়ন্ত যান নিয়ে শুনানি শুরু করে। তবে সেগুলি আসলে কী, রহস্যের কিনারা হয়নি আজও।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *