কলকাতা: আজ প্রবল দুর্যোগের আশঙ্কা রাজ্যজুড়ে। বিশেষ করে দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ হলুদ ও কমলা সতর্কতা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের ৪টি জেলায়
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর মধ্যে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের ৪টি জেলায়। অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা রয়েছে, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। হলুদ সতর্কতা রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। টানা ১৪ তারিখ অবধি হলুদ সতর্কতা রয়েছে। এদিকে উত্তরবঙ্গেও সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা, আর্দ্রতাজনতি অস্বস্তি
বুধবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। গুমোটভাব একাধিক জায়গায়। গতকাল দুপুর থেকেই গরম আবহাওয়া অনুভূত হয়েছে। বিশেষ করে মেঘলা আকাশের জন্যই অস্বস্তি বেড়েছে চরমে। আশা করা হচ্ছে আজ প্রবল বর্ষণে কিছুটা হলেও স্বস্তি মিলবে। তবে তাপমাত্রা বড়সড় হেরফের হবে না বলেই মনে করা হচ্ছে। এদিকে গত কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থা জেলায় জেলায়। কলকাতা ও পাশ্ববর্তী জেলা, বীরভূম, বাঁকুড়ায় জল জমে চরম ভোগান্তি। একটানা বৃষ্টিতে জলের নীচে গিয়েছে কলকাতার একাধিক রাস্তা। উত্তর ও মধ্য কলকাতার অলিতে গলিতে জল জমে গিয়েছিল সম্প্রতি। নীচু এলাকায় তো বটেই, জল জমে যায় বেহালাতেও।
সতর্কতা জারি
আবহাওয়া দফতরের তরফে, বারবার সতর্কতা জারি করা হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বর্ষণে, কেউ যেনও খোলা জায়গায় না থাকে, বৈদ্যুতিক খুঁটি, জলাশয়ের সংস্পর্শে না যায়, সকলেই যেন নিরাপদ স্থানে আশ্রয় নেয়।লাগাতার বৃষ্টিতে দ্বারকেশ্বরের জলস্তর বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি জলের তলায় চলে গিয়েছিল বাঁকুড়া শহর লাগোয়া মীনাপুর সেতু। গত কয়েক ধরে এই সেতুর উপর দিয়ে প্রায় ৫ ফুট উচ্চতা দিয়ে প্রবল বেগে বয়ে যাচ্ছিল দ্বারকেশ্বর নদের জল। ফলে ওই সেতু দিয়ে সম্প্রতি যাতায়াত পুরোপুরি বন্ধ ছিল। সমস্যায় পড়েছিলেন বেশ কয়েকটি গ্রামের মানুষ।
