Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?


কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের কাছে এই নিম্নচাপ তৈরি হয়েছে ১২ অগাস্ট ভোরে। ভারতীয় আবহাওয়া দফতরের কলকাতা কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টায় এই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে Well-Marked Low Pressure Area-তে পরিণত হতে পারে। এরপর তা আরও ঘনীভূত হয়ে ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক দিন বৃষ্টির দাপট বাড়তে পারে। IMD-র বুলেটিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বিচ্ছিন্নভাবে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কিছু এলাকায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস।

বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে আগামী ১৩ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গে ফের সক্রিয় হতে চলেছে বর্ষা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুতের আশঙ্কা থাকায় সতর্ক থাকার পরামর্শ আবহাওয়া দফতরের। IMD-র ১২ অগাস্টের বুলেটিনেও উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের কাছে নিম্নচাপ তৈরির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১৩ অগাস্ট কোথায় সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা?

১৩ অগাস্ট দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে এক-দু’জায়গায় ২০ সেন্টিমিটারের বেশি অতিভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলার এক-দু’জায়গায় ৭-২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি বেশ কিছু জেলাতেও ৭-১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।  

বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং দমকা হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা-সহ কিছু এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে।

১৪ অগাস্টও জারি সতর্কতা

১৪ অগাস্টও দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বজায় থাকার সম্ভাবনা। পুরুলিয়ায় এক-দু’জায়গায় ৭-২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে।

১৫ অগাস্টেও বৃষ্টির সম্ভাবনা

১৫ অগাস্ট পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া হতে পারে। ১৬ থেকে ১৮ অগাস্ট দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির সতর্কতা

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৩ অগাস্ট জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিংয়ে ভারী বৃষ্টি হতে পারে। ১৪ অগাস্ট জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৫ অগাস্ট দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। ১৬ অগাস্ট জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এক-দু’জায়গায় ৭-২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৭-১৮ অগাস্টও উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।

মৎস্যজীবীদের জন্য বড় সতর্কতা

নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ১২ অগাস্ট ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ১৩ অগাস্ট তা আরও বেড়ে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা, দমকা হাওয়ার বেগ ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

এই পরিস্থিতিতে ১২ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *