Headlines

Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা


লখনউ: উত্তরপ্রদেশে ভেঙে পড়ল বিমান। প্রশিক্ষণ চলাকালীন বিমানটি ভেঙে পড়ল কানপুরে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই পাইলটেরই। একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় কো-পাইলটকে। তবে শেষ পর্যন্ত তাঁকেও বাঁচানো যায়নি। সজোরে আছড়ে পড়ে বিমানটি একেবারে টুকরো টুকরো হয়ে গিয়েছে। কী করে এই দুর্ঘটনা ঘটল এখনও পর্যন্ত স্পষ্ট নয়। বিমানের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গিয়েছে ঝোপের মধ্যে। বিমান ভেঙে পড়ার পর ছুটে আসেন স্থানীয়রা। দুর্ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশও। (Kanpur Plane Crash)

এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি একটি বেসরকারি সংস্থার। দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানটি নিয়ে প্রশিক্ষণ চলছিল। সেই সময়ই একেবারে নত্থুপুরবার গঙ্গা ব্যারেজের কাছে, একটি মাঠে, ঝোপঝাড়ের মধ্যে ভেঙে পড়ে। এই ঘটনায় নিহত পাইলটদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের আত্মার শান্তি কামনা করেন। পাশে থাকার আশ্বাস জোগান দুই পরিবারকে। পুলিশ এবং জরুরি বিভাগের তরফে উদ্ধারকার্য চলছে সেখানে। (Uttar Ptadesh Plane Crash)

আরও পড়ুন: Ankit Baliyan Killed: গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় গায়ক, জিম থেকে বেরোতেই হামলা, রাজনীতিতে আসার কথা ছিল

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল ১১টা বেজে ২০ মিনিট নাগাদ কানপুর ক্যান্টনমেন্ট থেকে ওড়ে বিমানটি। বিমানে চারটি আসন ছিল। প্রশিক্ষণের জন্যই আকাশে ওড়েন পাইলটরা। এর কিছু ক্ষণ পরই তীব্র গতিতে আছড়ে পড়ে বিমানটি। তীব্র শব্দে কেঁপে ওঠে চারিদিক। সেই আওয়াজ শুনেই ছুটে যান চারপাশের মানুষজন। বিমান ভেঙে পড়ে নিহত ওই দুই পাইলটকে যথাক্রমে কর্নাটকের বাসিন্দা অভিষেক পূজারী এবং গুজরাত নিবাসী সুমিত ভাটিয়া নামে শনাক্ত করা গিয়েছে। 

দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ‘টেকনম’ সংস্থার বলে খবর। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে খারাপ আবহাওয়া বা যান্ত্রিক গোলযোগের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। বিমান সংস্থার কাছে দুর্ঘটনার খবর পৌঁছেছে ইতিমধ্যেই। পরিস্থিতির দিকে নজর রেখেছে প্রশাসন। বিমানটির ঠিক মতো রক্ষণাবেক্ষণ হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সব দিক খতিয়ে দেখার পরই দুর্ঘটনার আসল কারণ জানা যাবে বলে মনে করছেন আধিকারিকরা।

আরও পড়ুন: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *