Koustav Bagchi: ভোট চাইতে বেরিয়ে ভোটারের সঙ্গেই বচসা, হুমকি? ‘আমি কি আহাম্মক? ক্যামেরার সামনেই….’ বিস্ফোরক কৌস্তভ বাগচী


Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর সঙ্গে মহিলা ভোটারের বচসা।
  • তৃণমূল সমর্থকের অভিযোগ, বাড়িতে এসে হুমকি দিয়েছেন প্রার্থী।
  • প্রার্থীর পাল্টা দাবি, বিপক্ষ হারার ভয়ে মিথ্যা অভিযোগ করছে।
  • ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল, থানায় অভিযোগ দায়ের।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভোট চাইতে বেরিয়ে এবার ভোটারের সঙ্গে বচসায় জড়ালেন ব্য়ারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী। ভাইরাল হয়েছে ঘটনার সময়ের সিসি ক্য়ামেরার ফুটেজ। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে টিটাগড় থানায় অভিযোগ করেছেন নিজেকে তৃণমূল সমর্থক বলে দাবি করা ওই মহিলা ভোটার।

ঠিক ১০ দিন পর ব্যারাকপুরে ভোট। শাসক থেকে বিরোধী দল, শেষ মুহূর্তের প্রচারে এখন ব্যস্ত সব প্রার্থীরাই। এই প্রেক্ষাপটে, ভোট চাইতে গিয়ে মহিলা ভোটারের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ালেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী। ভাইরাল হয়েছে ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ। এমনকী বিজেপি প্রার্থীর বিরুদ্ধে হুমকি দেওয়ারও অভিযোগ তুলেছেন তৃণমূল সমর্থক। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ব্যারাকপুরের তৃণমূল সমর্থক ও বাসিন্দা শ্রাবন্তী সেন বলছেন, ‘আপনাকে ভোট দেব না, আমরা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের লোক।’ এর উত্তরে, ব্য়ারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী বলছেন, ‘এই কথাগুলো আপনারা মনে রাখবেন। আমিও মনে রাখলাম।’ পাল্টা শ্রাবন্তী সেনকে বলতে শোনা যায়, ‘মনে রাখব কী বলছেন? …মারবেন? মনে রাখব মানেটা কী?’

পরিস্থিতি এমন পর্যায় পৌঁছয় যে ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন মহিলা তৃণমূল সমর্থক। তৃণমূল সমর্থক ও বাসিন্দা শ্রাবন্তী সেন বলছেন, ‘আমার বাড়িতে ভোট চাইতে এসে আমাকে থ্রেট দিচ্ছেন! আমার তো ভয় লাগছে। রাস্তাঘাটে আমি বেরোব, আমার ওপরে যদি কোনও টর্চার করে! তার জন্য আমি প্রশাসনের কাছে ব্যবস্থা নিতে এসেছি। আমাকে বলছে ৪ তারিখের পর দেখে নেবে!’ এই ঘটনায় ব্যারাকপুরের বিদায়ী বিধায়ক ও তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী বলছেন, ‘কৌস্তভ বাগচী এবং কৌস্তভ বাগচীর মতো এরকম বিজেপির যাঁরা প্রার্থী আছেন, তাঁরা হতাশ হয়ে গিয়ে মানুষদের থ্রেট করছেন। ওঁরা যারা ভাবছে উত্তরপ্রদেশ বা বিহারের যে কালচার, পেটানো-মারামারি করা, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া, সেই কালচার বাংলার কালচার নয়। এরা এখন না আসতেই বলছে মারব-কাটব-ভাঙব-শেষ করে দেব।’

যদিও তৃণমূল সমর্থককে হুমকি দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। কৌস্তভ এদিন বলেন, ‘আমি পেশাগতভাবে উকিল। আমার যদি কাউকে ধমকি দেওয়ার থাকে আমি কি ক্যামেরার সামনে হুমকি দেব? এত বড় আহাম্মক আমি? রাজ চক্রবর্তী হারতে চলেছেন এবং খুব খারাপভাবে হারতে চলেছেন। তাই তিনি এখন ছেঁদো বিষয়গুলো নিয়ে এগুলো যত করবে তত মানুষের কাছে হেয় প্রতিপন্ন হবে।’

গতবার তৃণমূলের টিকিটে জয়ী হয়ে ব্যারাকপুরের বিধায়ক হন রাজ চক্রবর্তী। বিজেপির চন্দ্রমণি শুক্লাকে ৯ হাজার ২২২ ভোটে হারান তিনি। এবার ব্য়ারাকপুরে প্রার্থী বদল করেছে বিজেপি। রাজ চক্রবর্তীর লড়াই  বিজেপির কৌস্তভ বাগচী, সিপিএমের সুমন বন্দ্য়োপাধ্য়ায় এবং কংগ্রেসের শম্ভু দাসের সঙ্গে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *