Headlines

Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল


 কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: নির্বাচন কমিশনের কাছে ভুয়ো নথি পেশ করার অভিযোগ তুলে ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় ও অরূপ রায়ের বিরুদ্ধে থানার দ্বারস্থ হয়েছিল মমতা-তৃণমূল। এবার হুমকি দিয়ে, জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ তুলে পাল্টা থানায় গেল গণতান্ত্রিক তৃণমূল।

আরও পড়ুন, জাঁকিয়ে শীত কবে ? নাকি ফের হবে ঝড়-বৃষ্টি ? বড় আপডেট IMD-র

সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন হয়ে তৃণমূলের প্রতীক যুদ্ধ এবার গড়াল থানা পর্যন্ত। নির্বাচন কমিশনের কাছে ভুয়ো নথি পেশ করার অভিযোগ তুলে ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় ও অরূপ রায়ের বিরুদ্ধে থানার দ্বারস্থ হয়েছিল মমতা-তৃণমূল। এবার হুমকি দিয়ে, জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ তুলে পাল্টা থানায় গেল গণতান্ত্রিক তৃণমূল। ঘাসের উপর জোড়াফুল প্রতীক কারা পাবে? কার হাতে থাকবে তৃণমূলের তহবিল, দলের রাশ?

মমতা তৃণমূল আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গণতান্ত্রিক তৃণমূলের মধ্যে তুমুল দড়ি টানাটানি চলছে। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।নিজেদের আসল দাবিদার প্রমাণ করতে দু’পক্ষই ট্রাক ট্রাক নথি জমা দিয়েছে নির্বাচন কমিশনের কাছে।এই আবহে নির্বাচন কমিশনের কাছে ভুয়ো নথি পেশ করার অভিযোগ তুলে শুক্রবার ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় ও অরূপ রায়ের বিরুদ্ধে কালীঘাট থানার দ্বারস্থ হয়েছিলেন মমতা-তৃণমূলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী।
 
সোমবার কালীঘাট থানায় শুভাশিস চক্রবর্তীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন,শীত এসে গেছে তো, বিভিন্ন ধরনের পালা নামানোর চেষ্টা করছে। যেহেতু আমাদের থেকে ওরা ১০ দিন বেশি সময় পেয়েছিলেন, বিভিন্ন লোককে হুমকি দেওয়া হচ্ছিল এবং যাদের হুমকি দিয়ে, ভুল বুঝিয়ে সই করানো হয়েছে, অন্নপূর্ণার টাকা পাওয়া যাবে বলে ছবি দাও, দিয়ে সই করানো হয়েছে। একাধিক বিধায়ককে দিয়ে সই করানো হয়েছে। এই নট্য কোম্পানির ন্যারেটিভে ভুল বুঝে অনেকে করেছিলেন, তাঁরা সবাই ভুল শুধরে FIR করে দিয়েছেন।
 
মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ বলেন,’আরে চাটনরা তো চেটেই গেল। যেখানে গেছে…অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, ৭ দিনের মধ্যে ফাঁস করে দেওয়া হবে। যে এইভাবে জাল এফিডেভিট করার খেলা। নির্দিষ্ট অভিযোগ দিয়েছে, শুভাশিস চক্রবর্তী দলের তরফ থেকে অভিযোগ দিয়েছেন। এখন তাতে কোণঠাসা হয়ে গিয়ে চাটন শিবির এখন লোক দেখানো অভিযোগ জমা দিতে গেছে। বিজেপির পুলিশ-প্রশাসনকে দিয়ে, তাদের হয়ে ওইসব ভুয়ো জিনিসপত্র, এই ওই তাই, এর সই, তাঁর সই, পুলিশকে দিয়ে সই, সেসব অভিযোগ এসেছে। ওদের যদি বলার থাকত, আগে বলেনি কেন?’

একসময় ছবিটা ছিল হাম সাথ সাথ হ্য়ায়। আর এখন…? পরিবার আর পরিবার নেই। ফাটল থেকে ভাঙন। আর এখন তো যুদ্ধ। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, উভয়পক্ষ যখন থানায় গেছেন, পশ্চিমবঙ্গে এখন একটা সরকার আছে, যারা আইনের শাসন চালাচ্ছে, শাসকের আইন তো আর নেই। সুতরাং প্রমাণিত হবে। প্রশাসনিক ভাবে প্রমাণিত হবে, বিচারবিভাগীয় ভাবে প্রমাণিত হবে।পরিবারের যুদ্ধে শেষ অবধি কে জয়ী হয়, সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *