
২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই বিপুল সংখ্যক মহিলা আর্থিক সহায়তা পেয়েছেন। জুন মাস থেকে টাকা বিলি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হচ্ছে নিয়ম নীতি মেনে, যোগ্যদেরই।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই অগাস্ট মাসে প্রায় ১ কোটি ৪৮ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন । সেপ্টেম্বর মাসেও উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ১৭ সেপ্টেম্বর সেই টাকা ট্রান্সফার করা হবে বলে জানিয়েছেন তিনি।

১৭ সেপ্টেম্বর গোটা রাজ্যে ‘অন্নপূর্ণা দিবস’ পালন করা হবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে সেপ্টেম্বর মাসে বিশেষ কর্মসূচি নিচ্ছে রাজ্য সরকার।

সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, বক্তব্য রাখতে গিয়ে বিশেষ করে স্বামীহীনা মহিলাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, যাঁদের বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে, যাঁরা বর্তমানে বিধবা ভাতা পাচ্ছেন, তাঁরা চাইলে বার্ধক্য ভাতার পরিবর্তে অন্নপূর্ণা যোজনার সুবিধা নিতে পারেন।

শুভেন্দু অধিকারীর দাবি, বার্ধক্য ভাতায় মাসে দেড় হাজার টাকা পাওয়ার পরিবর্তে অন্নপূর্ণা যোজনায় মাসে ৩ হাজার টাকা পাওয়া যাবে। ফলে সংশ্লিষ্ট যোগ্য উপভোক্তারা আর্থিকভাবে বেশি সুবিধা পাবেন।

তিনি বলেন, স্বামীহীনা যে সমস্ত মহিলার বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে, তাঁরা দেড় হাজার টাকার বার্ধক্য ভাতা ‘সারেন্ডার’ করে ৩ হাজার টাকার অন্নপূর্ণা ভাতা নিতে পারেন। এতে তাঁদের মাসিক আর্থিক সহায়তার পরিমাণ বাড়বে।

মুখ্যমন্ত্রীর কথায়, “দেড় হাজার টাকার বদলে আপনারা ৩ হাজার টাকা নিন।” অর্থাৎ একই সঙ্গে দুই ধরনের সুবিধা নেওয়ার পরিবর্তে যোগ্য মহিলাদের একটি প্রকল্প থেকে অন্য প্রকল্পে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন তিনি।

এই সুবিধা পেতে হলে কী করতে হবে, সেই বিষয়টিও স্পষ্ট করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য অনুযায়ী, যাঁরা বর্তমানে দেড় হাজার টাকা করে বিধবা ভাতা পাচ্ছেন এবং অন্নপূর্ণা যোজনার যোগ্য, তাঁদের সংশ্লিষ্ট বিডিও অফিস অথবা পুরসভায় যোগাযোগ করতে হবে।

তবে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও যোগ্যতা রয়েছে। ফলে প্রকল্পের সুবিধা নেওয়ার আগে সংশ্লিষ্ট সরকারি দফতরে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া আবশ্যক।

অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলাদের আর্থিক সহায়তা বাড়ানোর পাশাপাশি স্বামীহীনা মহিলাদের জন্যও বিশেষ সুবিধার কথা তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস পালন হবে। সেদিনই বহু মহিলা পাবেন এই সুবিধে।
Published at : 08 Sep 2026 10:46 AM (IST)
Tags :
