বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহুকে একটি ছায়া গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। রাহুর সঙ্গে জুড়ে আছে রহস্য, আকস্মিক পরিবর্তন, উচ্চাকাঙ্ক্ষা। রাহুর প্রভাব কোনও ব্যক্তির জীবনে শুভ হলে হঠাৎ সাফল্য ও উন্নতির সুযোগ তৈরি হতে পারে। আবার প্রতিকূল অবস্থানে থাকলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। জ্যোতিষশাস্ত্র বলে, রাহু সাধারণত প্রায় ১৮ মাস অন্তর রাশি পরিবর্তন করে।
এই বছর ২০২৬ সালের শেষের দিকে রাহুর রাশি পরিবর্তন ঘটতে পারে। রাহুর এই গোচরের প্রভাব একাধিক রাশির জাতক-জাতিকাদের জীবনে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বৃশ্চিক, কন্যা ও সিংহ রাশির জাতকদের এই সময়ে কিছুটা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
বৃশ্চিক রাশি – রাহুর গোচরের ফলে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আর্থিক ক্ষেত্রে কিছুটা চাপ তৈরি হতে পারে। অপ্রয়োজনীয় খরচ বাড়ার পাশাপাশি অর্থ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকা প্রয়োজন। কর্মক্ষেত্রেও মানসিক চাপ বাড়তে পারে। সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই সময়ে আবেগের বশে কোনও মন্তব্য না করে কথাবার্তায় সংযম বজায় রাখা ভালো।
কন্যা রাশি – কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য রাহুর এই গোচর খুব একটা অনুকূল নাও হতে পারে বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হচ্ছে। আর্থিক বিষয়ে ওঠানামা দেখা দিতে পারে। তাই বড় অঙ্কের বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করা উচিত। স্বাস্থ্যের দিক থেকেও কিছুটা সতর্ক থাকতে হবে। পুরনো সমস্যা দেখা দিতে পারে বা মানসিক চাপ বাড়তে পারে। দাম্পত্য জীবনেও ভুল বোঝাবুঝি ও মতবিরোধ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সঙ্গীর সঙ্গে খোলাখুলি আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা ভালো।
সিংহ রাশি – সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য রাহুর এই গোচর বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে সিংহ রাশির অধিপতি গ্রহ হিসেবে ধরা হয় এবং সূর্য ও রাহুর সম্পর্ককে শুভ বলে মনে করা হয় না। ফলে এই সময়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন হতে পারে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ওঠানামা দেখা দিতে পারে। একইসঙ্গে আর্থিক স্থিতিশীলতাও কিছুটা বিঘ্নিত হতে পারে। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতির সব দিক ভালোভাবে বিচার করে এগোনোই বুদ্ধিমানের কাজ হবে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাহুর নেতিবাচক প্রভাব কমানোর জন্য কিছু প্রতিকারের কথা বলা হয়েছে। নিয়মিত শিবলিঙ্গে জল অর্পণ করা এবং রুদ্রাক্ষের মালা নিয়ে মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হয়।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
