Headlines

India vs Brazil: ভিনিসিয়াসদের বিরুদ্ধে মাঠে নামার আগে ব্রাজিলের কিংবদন্তির বার্তা সন্দেশদের


কলকাতা: আগামী ৩ অক্টোবর ব্রাজিলের(India vs Brazil) বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ফুটবল দল(Indian Football Team)। কলকাতায় সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে খেলতে নামবে দুটো দল। নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের জন্য এক ঐতিহাসিক দিন হতে চলেছে সেটি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল খাতায় কলমে শক্তিশালী হলেও ভারতীয় দলের সামনে সুযোগ নিজেদের সেরাটা দেওয়ার এমন বিশ্বমানের দলের সামনে। সম্প্রতি ভারত সফরে এসেছিলেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি ব্রাজিল অধিনায়ক কাফু। যাঁর নেতৃত্বে ২০০২ সালে ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল পঞ্চমবারের জন্য।

কার্লো আনচেলোত্তির দল ৩ অক্টোবর মাঠে ফেভারিট হিসেবে নামলেও ভারতীয় দলের জন্য বার্তা দিয়েছেন কাফু। তিনি বলছেন, ‘ভারত সত্যিই তাদের জাতীয় দলের ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচটি খেলতে যাচ্ছে, যেখানে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় দল। এই ম্যাচটি থেকে ভারতীয় ফুটবল দলের অনেক কিছু শেখার ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে। ব্রাজিলীয় ফুটবলারদের সঙ্গে জ্ঞান, চিন্তাভাবনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ভারতের অনেক কিছু পাওয়ার আছে। ভারতীয় দলটির উচিত এই ম্যাচটিকে একটি শেখার ক্ষেত্র হিসেবে দেখা।’

 

২০৩০ বিশ্বকাপের কথাও উল্লেখ করেন কাফু। তিনি বলেন, ‘২০৩০ বিশ্বকাপ আসছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মতো আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত দলের বিরুদ্ধে খেলা ভারতের জন্য দারুণ এক প্রস্তুতি হতে পারে, যা ফুটবলের সত্যিকারের মানদণ্ড।’

কলকাতার মাটিতে প্রচুর ব্রাজিল সমর্থক রয়েছে। কাফু বলেন, ‘কলকাতায় পুরো ব্রাজিল স্কোয়াডকে পেয়ে এখানকার মানুষ শুধু রোমাঞ্চিতই হবেন না, বরং অত্যন্ত গর্বিত বোধ করবেন। ভারতীয় মানুষ ব্রাজিলীয় ফুটবল ও খেলোয়াড়দের ভালোবাসে। আমি নিজেও এখানে এসে সেই ভালোবাসা, উষ্ণতা ও আনন্দ অনুভব করেছি।’

ব্রাজিল ফুটবল দল ২০০২ সালের পর থেকে আর বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি। পাঁচবারের খেতাব জয়ের পর আর একবারও বিশ্বকাপ এখনও জিততে পারেনি ব্রাজিল। গত ২৪ বছর ধরে ব্রাজিল ফুটবল বারবার বিশ্বকাপের মঞ্চে হতাশ করেছে। কাফু বলছেন, ‘পরবর্তী বিশ্বকাপের জন্য যেসব নাম আমাদের নজরে রাখতে হবে, তারা হল এস্তেভাও উইলিয়ান, অ্যালান, এন্দ্রিক, রদ্রিগো ও বোটাফোগোর ডানিলো। আমাদের এমন অনেক তরুণ খেলোয়াড় আছে যাদের ওপর চোখ রাখা দরকার। যারা ভবিষ্যতে ব্রাজিল জাতীয় দলের হয়ে সত্যিই উজ্জ্বল পারফর্ম করবে।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *