নয়াদিল্লি: হাজার হাজার কোটি টাকার ঋণ শোধ না করে দেশ ছেড়েছিলেন। কিন্তু নিজেকে ‘পলাতক’ বলে মানতে নারাজ দেশত্যাগী শিল্পপতি বিজয় মাল্য। তাঁর দাবি, তিনি পালিয়ে যাননি। আইনত ব্রিটেন ছাড়ার অনুমতি নেই তাঁর। তাঁর প্রতি ভারত সরকার ‘অবিচার’ করছে বলেও অভিযোগ তুললেন মাল্য। (Vijay Mallya)
আগেও নিজের অবস্থান তুলে ধরেছিলেন মাল্য। এবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন তিনি। জানিয়েছেন, ১৯৯২ সাল থেকে ব্রিটেনের স্থায়ী বাসিন্দা তিনি। এখনও ব্রিটেনে রয়েছেন বটে। তবে নিজের ইচ্ছেয় নয়। তাঁর বক্তব্য, ‘যাঁরা বলছেন, আমি পলাতক, ভারতে ফিরতে চাইছি না, তাঁরা জেনে রাখুন, ১৯৯২ সাল থেকে ব্রিটেনের স্থায়ী বাসিন্দা আমি। বর্তমানে এই দেশ ছাড়ার অনুমতি নেই’। (Vijay Mallya News)
Affidavit filed by the ED in the Hon’ble Bombay High Court. Para 7 is the decreed debt and Para 17 shows recovered Rs 14,131.60 crore in 2021 !! 5 years on I am still referred to as a fraud who cheated the Banks. pic.twitter.com/zhiw8Mt8ag
— Vijay Mallya (@TheVijayMallya) September 8, 2026
ভারত সরকার তাঁকে দুর্নীতির ‘পোস্টার বয়’ বানিয়েছে বলেও অভিয়োগ করেছেন মাল্য। তিনি লেখেন, ‘ভারত সরকার আমাকে দুর্নীতির পোস্টার বানিয়েছে। সেসবের জেরেই এতকিছু। অবিচার হয়েছে আমার প্রতি’। একটি নথি পোস্ট করে তিনি আরও লেখেন, ‘বম্বে হাইকোর্টে হলফনামা দিয়েছে ED. দেখা যাচ্ছে ২০২১ সালে ১৪১৩১.৬০ কোটি টাকা উদ্ধার করা গিয়েছে। তার পর পাঁচ বছর কেটে গিয়েছে। অথচ এখনও আমাকে জালিয়াত বলা হচ্ছে, যিনি না কি ব্যাঙ্কের সঙ্গে প্রতারণা করেছেন’। মাল্যর ‘কিংফিশার এয়ারলাইন্স’ ৬২০৩ কোটি টাকার ঋণ নিয়েছিল।
কবে, কত টাকা উদ্ধার করা হয়েছে তাঁর সম্পত্তি বিক্রি করে, তার নথিও পোস্ট করেন মাল্য। জানান, তাঁর ফান্ড থেকেই কিংফিশারের কর্মীদের জন্য ৩৫০ কোটি টাকা ছাড়তে হয় ED-কে। সম্পত্তি এবং তহবিল বাজেয়াপ্ত করে রাখায় তিনি ওই টাকা দিতে পারেননি। ভারত এবং ব্রিটেনে আইনি লড়াই চলছে মাল্যর। এখনও সপরিবারে ব্রিটেনেই রয়েছেন তিনি।
To all who believe in fair and proper accounting justice please see the following table. Do I still deserve the way I am berated by the media and referred to as a fraudster at the very outset of a journalist’s script ? Why not start asking when I will get my refund ? pic.twitter.com/oP80Ba5Nuw
— Vijay Mallya (@TheVijayMallya) September 8, 2026
আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল তেলের দাম, একধাক্কায় অনেকটাই, নতুন করে যুদ্ধ আমেরিকা ও ইরানের মধ্যে
এর আগে, বম্বে হাইকোর্টেও একই দাবি করেছিলেন মাল্য। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে আদালতে তিনি জানান, ইংল্যান্ড এবং ওয়েলস ছেড়ে বেরনোর অনুমতি নেই বলেই ভারতে ফেরার সম্ভাব্য দিনক্ষণ জানাতে পারছেন না তিনি। আদালত যদিও সেই সময়ই জানায়, ‘পলাতক’ তকমা ঘোচাতে চাইলে দেশে ফিরতে হবে তাঁকে। পলাতক অর্থনৈতিক অপরাধী ধারায় মামলার বিরুদ্ধে আইনি লড়াই লড়ছেন মাল্য।
এদিন সোশ্যাল মিডিয়ায় যে নথি পেশ করেছেন মাল্য, তাতে ED-র হলফনামা রয়েছে। ওই হলফনামায় বলা হয়েছে, তাঁর কাছ থেকে ১৪১৩১.৬০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। গত অগাস্টে তিনি জানিয়েছিলেন, ৬২০৩ কোটি টাকার ঋণ ছিল তাঁর। সুদ এবং অন্য সব কিছু মিলিয়ে তাঁর কাছ থেকে দ্বিগুণেরও বেশি টাকা আদায় করা হয়েছে। ২০১৬ সালের মার্চ মাসে ভারত ছাড়েন মাল্য।
