মুম্বই: রেস্তোরাঁর অভিযান ঘিরে এরাজ্যে তোলপাড় পড়ে গেছে। কলকাতা থেকে প্রায় ২ হাজার কিলোমিটার দূরে মহারাষ্ট্রেও খাদ্য এবং ওষুধে ভেজাল কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের জেরে শিরোনামে উঠে এসেছেন ২০০৫ ব্যাচের IAS অফিসার তুকারাম মুণ্ডে (Tukaram Mundhe)। যিনি মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা FDA-এর কমিশনার পদে রয়েছেন।
ভেজাল খাবারের রমরমা রুখতে কলকাতা-সহ রাজ্যে গত এক সপ্তাহ ধরে অভিযান চলছে। এ ছবি ঘিরে যখন এ রাজ্যে তোলপাড় পড়ে গেছে, তখন কলকাতা থেকে প্রায় ২ হাজার কিলোমিটার দূরে একটা নামেই থরহরি কম্প হচ্ছে গোটা মহারাষ্ট্র!
২০১৪ সালে বালি মাফিয়ার দৌরাত্ম্য বন্ধ করে শিরোনামে এসেছিলেন তুকারাম মুণ্ডে। ২০১৬ সালে নবি মুম্বইয়ের পুর কমিশনার থাকাকালীনও অবৈধ নির্মাণ ভেঙে ফেলা এবং পুরসভার কর দুর্নীতিতে রাশ টেনে চর্চায় এসেছিলেন এই IAS অফিসার তুকারাম মুণ্ডে। বর্তমানে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা FDA-এর কমিশনার পদে রয়েছেন। খাদ্য এবং ওষুধে ভেজাল কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের জেরে এখন যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনিই! তাঁকে ‘সিঙ্ঘম’ বলতেও শুরু করেছেন লোকজন।
২০২৬-এর ২৫ মে FDA-এর কমিশনার পদে দায়িত্বভার গ্রহণ করেন তুকারাম মুণ্ডে। আর তারপর থেকেই খাদ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে মহারাষ্ট্রের একের পর হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকানগুলিতে অভিযান চালাতে শুরু করে তুকারাম অ্যান্ড টিম। অভিজাত হোটেলগুলিকেও রেয়াত করেননি তিনি। যেসব জায়গায় বেনিয়ম চোখে পড়েছে, সঙ্গে সঙ্গে পদক্ষেপ হয়েছে। কড়া মেজাজ, শৃঙ্খলাপরায়ণতার জন্য মহারাষ্ট্রের প্রশাসনিক পরিচিত ২০০৫ ব্যাচের IAS অফিসার তুকারাম মুণ্ডের স্ট্রাইক রেটও চোখে পড়ার মতো।
সূত্রের খবর, দায়িত্ব নেওয়ার প্রথম ৩০ দিনে তুকারাম মুণ্ডার নেতৃত্বে ৯০০-র বেশি ঠিকানায় অভিযান চলেছে। ৩০০-র বেশি অবৈধ কারখানা বন্ধ করিয়ে দিয়েছেন। গ্রেফতার করা হয়েছে সাড়ে চারশোর বেশি। দায়িত্ব নেওয়ার প্রথম ৩০ দিনে ৫০ কোটি টাকার ভেজাল খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করেছেন তুকারাম।
১ লক্ষ ৬০ হাজার লিটার নকল দুধ বাজেয়াপ্ত করা হয়েছে। লাইসেন্স বাতিল হয়েছে ৫৬টি রেস্তোরাঁর। এমনকী বম্বে হাইকোর্টের ক্যান্টিনেও অভিযান চালাতে পিছপা হননি FDA-এর এই কমিশনার। দেখা যায়, কোনওরকম লাইসেন্স ছাড়াই চলছিল সেই ক্যান্টিন। তেসরা সেপ্টেম্বর থেকে একটি স্থায়ী নির্দেশ কার্যকর করেছেন তুকারাম। যার আওতায়, উৎসবের মরশুমের পাশাপাশি জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত খাদ্য সুরক্ষা সংক্রান্ত পরিদর্শন চালানো এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
তুকারাম মুণ্ডের স্ট্রাইক রেটের পাশাপাশি আলোচনায় রয়েছে দীর্ঘ ট্রান্সফার রেকর্ডও। প্রায় ২১ বছরের চাকরি জীবনে এখন অবধি ২৫ বার বদলি হয়েছে তুকারাম মুণ্ডের। তবে সেই তুকারামই কিন্তু বর্তমানে মহারাষ্ট্রে নায়কের সম্মান পাচ্ছেন। বারংবার খবরের শিরোনামে উঠে আসছেন মহারাষ্ট্রের ‘সিঙ্ঘম’।
Tukaram Mundhe: তুকারাম মুন্ডে – একটা নামেই থরহরিকম্প হচ্ছে গোটা Maharashtra | ABP Ananda
