মুম্বই: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন রোহিত শর্মা। এই মুহূর্তে শুধুমাত্র এই একটা ফর্ম্যাটেই খেলন হিটম্য়ান। টি-টোয়েন্টি ও টেস্ট থেকে আগেই অবসর নিয়ে নিয়েছেন। আগামী বছরের ওয়ান ডে বিশ্বকাপে খেলার জন্য মরিয়া হয়ে আছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাই নিজেকে ফিট রাখতে চাইছেন প্রতিনিয়ত। শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে দেখা গিয়েছিল রোহিতকে। তিন ম্য়াচের সিরিজের শেষ ম্যাচে শতরানও হাঁকিয়েছিলেন ৩৯ বছরের তারকা ওপেনার।
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজ। সেই সিরিজেই ফের একবার রোহিত ও বিরাটকে দেখা যাবে জাতীয় দলের জার্সিতে। টিম রোহিতের সোশ্য়াল মিডিয়ায় একটি ক্লিপ পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে রোহিত ইন্ডোরে অনুশীলন সারছেন। ব্যাটিং অনুশীলন থেকে শুরু করে ফিটনেসের পরীক্ষা দিতেও দেখা যাচ্ছে হিটম্যানকে। ব্যাট হাতে বেশ স্বমহিমায় মনে হল রোহিতকে। তাহলে কি ক্যারিবিয়ানদের বিরুদ্ধেও বড় ইনিংস আসছে? আশায় আছেন সমর্থকরা।
গত ইংল্য়ান্ড সফরের সময়ে খবর শোনা যাচ্ছিল যে লর্ডস ম্য়াচেই হয়ত রোহিতকে অবসর নিতে বলা হচ্ছিল। কিন্তু শেষ পর্য়ন্ত রোহিত শেষ ম্য়াচে সেঞ্চুরি হাঁকিয়ে সমালোচকদের মুখে তালা লাগিয়ে দেন। এমনকী দেবজিৎ সাইকিয়াও জানিয়েছিলেন যে রোহিতের অবসরের যে খবর প্রকাশ্যে এসেছে, তা পুরোটাই গুজব। শেষ ওয়ান ডে ম্য়াচে ৩৮৮ রান তাড়া করতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই ম্য়াচে ১১০ বলে ঝোড়ো ১৩৮ রানের ইনিংস খেলেন রোহিত। নিজের ইনিংসে ১৭টি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। গোটা ইংল্যান্ড সিরিজে ১৭৫ রান করেন তিন ম্য়াচে। রোহিতের গড় ছিল ইংল্যান্ডের মাটিতে প্রায় ষাটের কাছাকাছি। এই পরিস্থিতিতে তাঁকে বাদ দেওয়ার বিষয়ে আর ভাবতেই পারেনি নির্বাচক কমিটি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এখনও পর্যন্ত ওয়ান ডে সিরিজে মোট ১৪২ ম্য়াচে মুখোমুখি হয়েছে ভারতীয় ক্রিকেট দল। তার মধ্য়ে ৭০ বার ভারত জিতেছে ও ৬৩ বার ক্যারিবিয়ানরা জয় ছিনিয়ে নিয়েছে।
