কলকাতা: বিদ্যুতের বিল কমাতে চান? প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার আওতায় বাড়ির ছাদে আপনি যদি একটি সোলার প্যানেল বসয়ে নেন, তাহলে মাসিক প্রায় ২ হাজার টাকার কাছাকাছি সাশ্রয় করতে পারবেন আপনি। আপনার মাসিক কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তার উপর নির্ভর করে আপনার বাড়িতে কত ওয়াটের সোলার প্যানেল বসাবেন, তা নির্ধারণ করা যায়। এ ছাড়াও এই প্যানেল বসালে সরকার আপনাকে ভর্তুকিও দেবে।
সরকার বলছে কারও যদি মাসে ২০০ ইউনিটের কম বিদ্যুৎ খরচ হয়, সেই ক্ষেত্রে ওই ব্যক্তি ১ থেকে ২ কিলোওয়াটের সোলার প্যানেল বসাতে পারেন। আবার মাসিক ২০০ থেকে ৩০০ ইউনিটের মধ্যে খরচ হলে ২ থেকে ৩ কিলোওয়াটের সোলার প্যানেল ও মাসিক ৩০০ ইউনিটের বেশি খরচ হলে ৩ কিলোওয়াটের থেকে বড় প্যানেল বসানো যায়। সোলার প্যানেল বসাতে খরচ হবে কিলোওয়াট প্রতি ৭০ হাজার টাকা করে। অর্থাৎ যত কিলোওয়াটের প্যানেল, তার সঙ্গে ৭০ হাজার গুণ করলেই প্যানেল বসানোর খরচ আপনি পেয়ে যাবেন। তবে, যিনি এই প্যানেল বসাবেন, তাঁর পকেট থেকে এই পুরো টাকা কিন্তু খরচ হবে না। কারণ সরকার ভর্তুকিও দেবে। কিলোওয়াট প্রতি ৩০ হাজার টাকা করে ভর্তুকি দেবে সরকার। আর এই ভর্তুকির সর্বোচ্চ পরিমাণ হল ৭৮ হাজার টাকা।
হিসাব বলছে এই সোলার প্যানেল বসাতে প্রতি কিলোওয়াটে প্রায় ৬০ বর্গ ফুট করে জায়গা লাগবে। আর প্রতি কিলোওয়াট প্যানেল বসালে মাসিক ১০০ ইউনিট করে বিদ্যুৎ সাশ্রয় হবে। আর ইউনিট প্রতি ৭ টাকা দাম ধরলে বাঁচবে প্রায় ৭০০ টাকা। কারও যদি ৩ কিলোওয়াট বা তার বেশি ক্ষমতার প্যানেল বসানো থাকে তাহলে তাঁর মাসিক প্রায় ২ হাজার টাকার কাছাকাছি বিদ্যুৎ সাশ্রয় হবে।
বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা বসাতে চাইলে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার আওতায় আবেদন করা যায়। আগ্রহী গ্রাহকরা সরকারি পোর্টাল https://pmsuryaghar.gov.in/ -এ গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য প্রথমে ওয়েবসাইটে গিয়ে Consumer অপশনে যেতে হবে। সেখানে ‘Select how to apply’ ও তারপর ‘Apply now’ অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
সোলার প্যানেল বসানোর ক্ষেত্রে সঠিক ভেন্ডর নির্বাচনও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট ভেন্ডর সম্পর্কে বিস্তারিত জানতে পোর্টালের Consumer বিভাগের অধীনে Registered Vendors অপশনে যেতে হবে। সেখানে নিজের রাজ্য ও জেলার নাম দিলে ওই জেলায় যাঁরা সোলার প্যানেল বসিয়ে থাকেন, তাঁদের তালিকা পাওয়া যাবে।
তালিকা থেকে পছন্দের সংস্থা নির্বাচন করে, তাদের দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করা যেতে পারে। সোলার সিস্টেমের ইনস্টলেশন ও সংশ্লিষ্ট পরিষেবা সম্পর্কে প্রয়োজনীয় তথ্যও ওই সংস্থার কাছ থেকে জানা যাবে।
সরকার জানাচ্ছে এই প্রকল্পের অধীনে ভর্তুকির বাইরে বাকি খরচের জন্য প্যানেল বসানোর খরচের ৯০ শতাংশ পর্যন্ত সরকারি ব্যাঙ্ক থেকে সুলভ সুদের হারে লোন নেওয়া যাবে। এ ছাড়াও প্যানেলের সঙ্গে গ্রিডের সংযোগ হওয়ার সঙ্গে সঙ্গেই ভর্তুকির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।
তফসিলি জাতি ও তফসিলি উপজাতি শ্রেণির গ্রাহকদের জন্য রাজ্য সরকারের তরফে অতিরিক্ত ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়ার ব্যবস্থাও রয়েছে বলে জানানো হয়েছে। তবে এই অতিরিক্ত সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্ত ও যোগ্যতা যাচাই করা প্রয়োজন।
প্রকল্প সম্পর্কে আরও তথ্য জানতে গ্রাহকরা নিজেদের Customer Care Centre-এও যোগাযোগ করতে পারেন। আবেদন করার আগে পোর্টালে দেওয়া নিয়ম, যোগ্যতার শর্ত এবং নিবন্ধিত ভেন্ডরের তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়া গুরুত্বপূর্ণ।
Dumdum TMC: তোলাবাজি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার দমদমের প্রাক্তন উপ পুরপ্রধান
