Headlines

Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে


রঞ্জিত হালদার, বারুইপুর : বারুইপুরে তৃণমূল নেতা দ্বিজেন মণ্ডলের দোতলা বাড়িতে বিস্ফোরণ ঘটনা ঘটল। বিস্ফোরণে ঘরের জানালা-দরজা উড়ে গেল। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, সামনের বাড়িতে উড়ে গিয়েছে শাটার। বাড়ির দেওয়ালও ভেঙে গেছে। বিস্ফোরণের অভিঘাতে একজন অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।

বিস্তারিত…

দোতলা বাড়ি। বিস্ফোরণের জেরে প্রায় প্রতিটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নীচে অনেক কিছু পোড়া অবস্থায় পড়ে রয়েছে। বাড়ির নীচের তলার ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। একইভাবে ক্ষতিগ্রস্ত উপরের অংশও। খুলে পড়ে রয়েছে ইট। যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে তার পাশেই একটি বাড়ি রয়েছে যাতে অ্যাজবেস্টস দেওয়া। সেই বাড়িও ভেঙে পড়ে রয়েছে। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং বারুইপুর থানার পুলিশ। বিস্ফোরণের কারণ হিসাবে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, এই বাড়িতে রান্নার জন্য গ্যাস সিলিন্ডার মজুত করা হয়েছিল। সেই গ্যাস সিলিন্ডার থেকেই এই বিস্ফোরণ ঘটেছে।

কিছুক্ষণ আগে ঘটনাস্থলে আসেন বিজেপি নেতৃত্ব। তাঁরা দাবি করেছেন, এই তৃণমূল নেতার ভোটের আগে এলাকায় ব্যাপক দাপট ছিল। তাঁদের অভিযোগ, এলাকায় বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বোমাবাজি করতেন। এই বাড়িতে বোমা কিংবা কোনও বিস্ফোরক মজুত করার কারণে এই ঘটনা ঘটে পারে।

তবে, এই বিস্ফোরণের প্রকৃত কারণ কী তা জানতে পুলিশ কিছুক্ষণ আগেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। নমুনার ফরেন্সিক টেস্টের পরেই জানা যাবে বিস্ফোরণের প্রকৃত কারণ। ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গেছে। বিস্ফোরণের জেরে রাত ২টো নাগাদ ব্যাপক আওয়াজ হয়। যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। বিস্ফোরণের পর মাঝরাতে এই বাড়িটিকে দাউদাউ করে জ্বলতে দেখেন অনেকে।

খবর পেয়ে পুলিশের পাশাপাশি দমকলের টিমও ঘটনাস্থলে আসে। এরপর আগুন নেভানো হয়। তবে, কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। সংশ্লিষ্ট বাড়িটি ঘিরে দিয়েছে বারুইপুর থানার পুলিশ। এদিকে আরও একটি তথ্য সামনে এসেছে যে, রাজ্যে পালাবদলের পরে বেশ কিছুদিন ধরে এই তৃণমূল নেতা বাড়িতে থাকছিলেন না। কাজেই ফাঁকা বাড়িতে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে উঠে এসেছে। কারণ, তৃণমূল নেতা-সহ তাঁর বাড়ির লোকজন বেশ কিছুদিন ধরে এই বাড়িতে থাকছিলেন না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *