UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ


নয়াদিল্লি: UPI মারফত ২০০০ টাকা পর্যন্ত লেনদেনকে মাশুলহীন রাখতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু নির্দিষ্ট অঙ্কের বেশি লেনদেনে কী হবে, তা নিয়ে ধোঁয়াশা গ্রাহকদের মধ্যে। আর সেই আবহেই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে তীব্র আক্রমণ লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর। মোদিকে ফের ‘কম্প্রোমাইজ়ড’ বলে আক্রমণ করলেন তিনি। চুপিসাড়ে UPI লেনদেনের উপর মাশুল চাপানোর দরজা খুলে দেওয়া হল বলে দাবি করলেন। (Rahul Gandhi on UPI Policy)

UPI লেনদেন নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের বিবৃতির পরই সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন রাহুল। তিনি লেখেন, ‘চুপিসাড়ে UPI লেনদেনের উপর মাশুল বসানোর দরজা খুলে দিল মোদি সরকার। বর্তমানে ২০০০ টাকার বেশি লেনদেনে MDR ধার্য করা যেতে পারে। সংখ্যার বিচারে সেগুলি মোট লেনদেনের মাত্র ৫ শতাংশ।  কিন্তু UPI-এর মাধ্যমে হওয়া লেনদেনের মোট অর্থমূল্যের প্রায় ৬৫ শতাংশই এগুলি থেকে আসে। সরকার বলছে গ্রাহকদের থেকে কোনও মাশুল আদায় করা হবে না। কিন্তু দোকানদারদের উপর যে মাশুল চাপানো হবে, তার ভার শেষ পর্যন্ত কাদের কাঁধে এসে পড়বে? জিনিসপত্রের দামের সঙ্গে ধরে নেওয়া হবে, যা সরাসরি গ্রাহকদের পকেট থেকেই যাবে’। (UPI Transaction Rule)

আরও পড়ুন: পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?

আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে রাহুল আরও লেখেন. ‘আমেরিকার পেমেন্ট কোম্পানিগুলি গোড়া থেকেই ভারতের জিরো-MDR নীতির বিরোধিতা করে আসছে। সেই পথেই নীতি পরিবর্তনের সুযোগ করে দিল মোদি সরকার। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির ক্ষেত্রে ঠিক যেমনটা ঘটেছিল, আবারও আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করছেন প্রধানমন্ত্রী’।

কেন্দ্রের তরফে ব্যাঙ্ক এবং লেনদেন পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে নির্দেশ দিয়ে বলা হয়েছে যে, ২০০০ টাকা পর্যন্ত লেনদেন এবং রুপে ডেবিট কার্ডে যেন কোনও মাশুল আদায় করা না হয়। কিন্তু ২০০০ টাকার বেশি লেনদেনে মাশুল বসবে কি না, তা নিয়ে নির্দিষ্ট ভাবে কিছু খোলসা করেনি কেন্দ্র। অথচ এতদিন UPI লেনদেনে কোনও টাকা কাটা হতো না। হঠাৎ কেন এই পরিবর্তন, তা নিয়ে প্রশ্ন উঠছে সব মহলেই। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেও তীব্র আক্রমণ করেছেন কেন্দ্রকে। তাঁর কথায়, ‘মোদি সরকারের লুঠের তালিকায় এবার UPI-ও। নিখরচায় লেনদেন থেকে ২০০০ টাকা পর্যন্ত নিখরচায় লেনদেন হয়ে গেল। আকাশছোঁয়া মুদ্রাস্ফীতির জেরে পকেট খালি হয়ে যাচ্ছে সাধারণ মানুষের। পাইকারি মুদ্রাস্ফীতি ১০ল শতাংশে পৌঁছে গিয়েছে। তার মধ্যেই বিজেপি সরকার ডিজিটাল পেমেন্ট ট্যাক্স বসাচ্ছে মানুষের উপর। যেটুকু সঞ্চয় আছে মানুষের, তাও শেষ করে দেওয়া লক্ষ্য’।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া UPI পরিচালনা করে। সেটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ভারতীয় ব্যাঙ্ক সংগঠনগুলির সম্মিলিত প্রকল্প।

আরও পড়ুন: মহাকাশে যুদ্ধক্ষেত্র প্রস্তুত, মোতায়েন রয়েছে অস্ত্রশস্ত্র, শেষ পর্যন্ত মেনেই নিল আমেরিকা, এবার লড়াই হবে পৃথিবীর বাইরে?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *