Weather Update: পুজোর আগে ফের চোখ রাঙাচ্ছে বঙ্গোপসাগর! আলিপুর আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন অনুযায়ী, উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় একটি উচ্চস্তরের ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টা নাগাদ সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত ছিল।
এই ঘূর্ণাবর্তের প্রভাবে ১৯ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে একই এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর সেটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ক্রমশ শক্তি বাড়াতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সিস্টেমটি ২১ সেপ্টেম্বর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ এবং ২২ সেপ্টেম্বর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ২৩ সেপ্টেম্বর সকালে পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়, ওড়িশা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।
২২ থেকে ২৫ সেপ্টেম্বর বাংলায় বৃষ্টির দাপট
এই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে ২২ থেকে ২৫ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। একইসঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতাও রয়েছে।
দক্ষিণবঙ্গে—
২২ সেপ্টেম্বর: দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে সতর্কতা রয়েছে।
২৩ সেপ্টেম্বর: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া, বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা।
২৪ সেপ্টেম্বর: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদের এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার গতি ৪০-৫০ কিমি/ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে।
২৫ সেপ্টেম্বর: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমানের এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ৪০-৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৯ সেপ্টেম্বর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে এক বা দুই জায়গায় বজ্রঝড় ও ৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া হতে পারে।
২৪ ও ২৫ সেপ্টেম্বর জলপাইগুড়ি, দার্জিলিং-সহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।
পুজোর আগে ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন আবহাওয়া-পরিস্থিতি। আগামী কয়েকদিনে নিম্নচাপটি কতটা শক্তিশালী হয় এবং কোন পথে এগোয়, তার উপরই বাংলার বৃষ্টির পরিমাণ অনেকটাই নির্ভর করবে।
Ritabrata Banerjee: “আমরা বলছি এটা হিমশৈলের চূড়া মাত্র”, কোন প্রসঙ্গে বললেন ঋতব্রত? | ABP Ananda
