কলকাতা: আর মাত্র দিন কয়েকের অপেক্ষা তারপরেই ভারতীয় ফুটবলের মেক্কায় আয়োজিত হতে চলেছে সম্ভবত ভারতীয় ফুটবল ইতিহাসের সবথেকে বড় ম্যাচ। ৩ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে (IND vs BRAগ) যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচের টিকিট নিয়ে বড় ঘোষণা করলেন ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রধান কল্যাণ চৌবে (Kalyan Chaubey)।
কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান স্পোর্টিংয়ের সমর্থকদের জন্য বিশেষ ছাড়ে ১৪ হাজার টিকিট দেওয়া হবে বলে জানালেন কল্যাণ চৌবে। কীভাবে তিন প্রধানের সমর্থকরা এই বিশেষ ছাড়ে টিকিট পাবেন, সেই প্রক্রিয়াও জানিয়ে দেন ফেডারেশন সভাপতি। এই বিষয়ে কথা বলতে গিয়ে কল্যাণ সাংবাদিকদের জানান, ‘যদি কোনও ক্লাবের টিকিট প্রয়োজন হয়, তাহলে তারা IFA-কে সেই পরিমাণটা জানাতে পারে। ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান স্পোর্টিংয়ের স্টেডিয়ামে টিকিট বিক্রির জন্য একটি বিশেষ স্থান ধার্য করা হবে। এভাবে ক্লাব সদস্য বা ক্লাবের অনুরাগীরা সরাসরি নিজেদের ক্লাব তাঁবুতে গিয়ে সেখান থেকেই টিকিট সংগ্রহ করতে পারবেন। ক্লাবের তরফে IFA-র মারফৎ টিকিট চাওয়া হবে যারা এই বিশেষ পরিমাণে ছাড়া কীভাবে টিকিট বিতরণ হবে, সেটা ম্যানেজ করবে।’
আরও পড়ুন:- এশিয়ান গেমসের আগেই অযাচিত সমস্যায় জেরবার ভারতীয় ক্রিকেট দল
এই টিকিটগুলি দুই গোলপোস্টের ঠিক পিছনে মিডল টিয়ারে বি২ এবং ডি২ বিভাগের। এই তিন প্রধানের পাশাপাশি IFA-র অন্যান্য ক্লাবগুলির সমর্থকদের জন্যও এই টিকিট উপলব্ধ থাকবে। ব্রাজিলের ম্যাচের জন্য বহু আগে থেকেই টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের দাম ৯৯৯টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত রাখা হয়েছে। এই ম্যাচ ঘিরে যেখানে উত্তেজনা তুঙ্গে সেখানে স্বাভাবিকভাবেই টিকিট দ্রুত বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তেমনটাই হয়েছেও। সেই কারণেই ফুটবল সমর্থকদের জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
ফেডারেশন সভাপতি আরও দাবি করেন, তাঁরা ব্রাজিল ম্যাচের এই উত্তেজনা, উন্মাদনা শুধু কলকাতাতেই সীমাবদ্ধ রাখতে চান না, বরং জেলায় জেলায় সেটা ছড়িয়ে দিতে আগ্রহী ফেডারেশন। সেই লক্ষ্যেই বিভিন্ন জেলায় ফ্যান পার্কের আয়োজন করার কথাও জানান কল্যাণ চৌবে। এই উদ্যোগ তরুণ অ্যাকাডেমি খেলোয়াড় এবং সমর্থক যারা কলকাতার বাইরে থাকেন, তাদেরও এই ফুটবল যজ্ঞে একসঙ্গে সামিল হওয়ার সুযোগ করে দেবে, একসঙ্গে বাসা তারাও বড় স্ক্রিনে খেলা উপভোগ করতে পারবেন।
