Election 2026: ‘শান্তিপূর্ণ’ প্রথম দফার ভোটের পর ‘অশান্তি’ ছবি? EVM বদলের অভিযোগ? পোলিং এজেন্টকে মারধর?


কলকাতা: প্রথম দফায় অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে কার্যত বুথে মাছি গলতে না দেওয়ার বন্দোবস্ত করেছিল নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে এসআইআরের পর প্রথম দফার ভোটেই রেকর্ড। রাজ্যে ভোট পড়ল ৯২ শতাংশেরও বেশি। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের মুখেও ‘ভোট অশান্তি’ না হওয়ায় প্রশংসার সুর। রেকর্ড ভোটে খুশি কমিশন। CEO-র প্রশংসায় CEC।

তবে ভোট নির্বিঘ্নে হলেও ভোটের দিন ও ভোটের পরে হাতে গোনা কিছু অশান্তির চিত্রও ধরা পড়েছে। 

কোথায় কোথায় কী কী অশান্তি? 

ভোটপর্ব মিটতেই এবার EVM নিয়ে অশান্তি কোচবিহারে। বৃহস্পতিবার হলদিবাড়িতে কোনও নিরাপত্তা ছাড়াই ইভিএম মেশিন নিয়ে বুথ কেন্দ্রে যাচ্ছিলেন সেক্টর অফিসার। সেই সময় সেক্টর অফিসারের গাড়ি আটকান বিজেপির কর্মী সমর্থকরা। EVM বদলের আশঙ্কা করেন তাঁরা। ঘটনাস্থলে এসে পৌঁছন মেখলিগঞ্জের বিজেপির প্রার্থী দধিরাম রায়। এরপর বিজেপির প্রার্থী দধিরাম রায়কে আশ্বস্ত করা হয়। পরে ইভিএম সহ গাড়িটি DCRC-তে পৌঁছলে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়ায় বিজেপি কর্মীরা।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচন কমিশন সূত্রে খবর যে EVM পাওয়া গেছে তা ছিল অতিরিক্ত EVM। 

প্রথম দফার নির্বাচন শেষ। রেকর্ড হারে ভোটদান হয়েছে পশ্চিমবঙ্গে। ভোট শেষের পর ইভিএম পরিবর্তনের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। পাঁশকুড়া পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতি অভিযোগ করেন, EVM পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। সিল করা EVM নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। অন্যদিকে, হলদিয়ার ব্রজনাথচক ও দোকানগাড়া এলাকায় নিরাপত্তারক্ষী ছাড়াই গাড়ি করে EVM নিয়ে যেতে দেখে বিক্ষোভ ছড়ায়। গাড়ি আটকে বিক্ষোভ দেখান বাসিন্দারা। জেলাপ্রশাসনের পক্ষ থেকে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

ভোটের পরও হিংসার ছবি। শিলিগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়িতে বিজেপির পোলিং এজেন্টকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপির নেতা বিপ্লব দে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয়সূত্রে খবর, বৃহস্পতিবার ভোট শেষের পর ডাবগ্রাম-ফুলবাড়ির ধনতলায় বাড়ি ফিরছিলেন। অভিযোগ, রাস্তায় কয়েকজন তাঁর উপর হামলা চালায়। আহত পোলিং এজেন্টকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন বিজেপি নেতা কর্মীরা। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে বিজেপি। বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

বৃহস্পতিবার সকাল থেকে মোটের উপর শান্তিপূর্ণ ভোট হলেও, দুপুরে অগ্নিগর্ভ হয়ে ওঠে বীরভূমের খয়রাশোল। EVM বদলের দাবিতে সকুলের বাইরে বিক্ষোভ দেখান ভোটারদের একাংশ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *