Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের


নয়াদিল্লি: ডিলিমিটেশন বিল নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি। সেই আবহেই চাঞ্চল্যকর অভিযোগ। সংযুক্ত আরব আমিরশাহির হাসপাতালে কেরলের কংগ্রেস সাংসদ কে সুধাকরণকে আটকে রাখার চেষ্টা হয় বলে দাবি পরিবারের। ডিলিমিটেশন বিলের ভোটাভুটিতে তাঁর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। কংগ্রেস এবং সুধাকরণের পরিবারের দাবি, হাসপাতালে কার্যত আটকে রাখা হয় সাংসদকে। পরিবারের কাউকেও দেখা করতে দেওয়া হচ্ছিল না। ডিলিমিটেশন বিলের ভোটাভুটিতে যাতে অংশ নিতে না পারেন সুধাকরণ, তার জন্য হাসপাতালের উপর চাপ দেওয়া হয় বলে অভিযোগ। দীর্ঘ টানাপোড়েনের পর রবিবার সন্ধেয় শেষ পর্যন্ত সুধাকরণকে হাসপাতাল থেকে ছাড়া হয় বলে জানিয়েছেন কংগ্রেস নেতা বিজয় টি। প্রতিবেদনটি যখন প্রথম প্রকাশিত হয়, তখনও পর্যন্ত তাঁর ছাড়া পাওয়ার খবর আসেনি। (Congress MP K Sudhakaran)

ডিলিমিটেশন বিলের বিরোধিতায় সমর্থন জোগাড় করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে I.N.D.I.A শিবির। বিমুখ হওয়া DMK, NCP (শরদ পওয়ার)-র কাছে যাচ্ছেন শীর্ষ নেতৃত্ব। সংসদে ভোটাভুটিতে যাতে সব সাংসদ উপস্থিত থাকেন, সেই মর্মে নির্দেশও গিয়েছে। ভোটাভুটিতে অংশ নিতে দেশে ফেরার কথা ছিল লোকসভার কংগ্রেস সাংসদ সুধাকরণেরও। রবিবারই তিনি দেশে ফিরবেন বলে ঠিক ছিল। কিন্তু কান্নুরের সাংসদ সুধাকরণ আদৌ ভোটাভুটিতে অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। (Delimitation Bill)

আরও পড়ুন: ডিলিমিটেশন বিল: মরিয়া চেষ্টা I.N.D.I.A শিবিরের, স্ট্যালিনের বাড়িতে সনিয়া-মমতা-রাহুল-বেবিরা, বরফ গলবে কি?

সুধাকরণের ছেলে সংযোগ জানান, এমনি চেকআপ করাতে গিয়েছিলেন সুধাকরণ। কিন্তু হাসপাতাল থেকে আর ছাড়া হয়নি তাঁকে। এদিন দুপুরে দুবাই থেকে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে সাক্ষাৎকার দেন সংযোগ। তিনি বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষ বাবার সঙ্গে দেখা করতে দিচ্ছেন না আমাদের। খবর পেয়েছি, হাসপাতালের উপর চাপসৃষ্টি করা হচ্ছে। আমার আশঙ্কা, কেউ নিয়ন্ত্রণ করছে সবকিছু। কালও ঠিক ছিলেন। হঠাৎ ICU-তে স্থানান্তরিত করা হয়েছে। দেখা করতে দেওয়া হচ্ছে না আমাদের। রবিবার দিল্লিতে ফেরার কথা ছিল, যাতে সোমবার অধিবেশনে যেতে পারেন।”

সংযোগ আরও বলেন, “শুক্রবার দুবাই পৌঁছই আমরা। হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ নিতে গিয়েছিলাম। চিকিৎসকরা জানান, স্নায়ুঘটিত কিছু সমস্যা রয়েছে ওঁর। ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।  গতকাল চিকিৎসকরা জানান, পরিস্থিতির উন্নতি হয়েছে। রবিবার ছেড়ে দেওয়া হবে ওঁকে। কিন্তু আজ বাবার সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। ডাক্তাররা বলেন, ‘বস’ ফোন করেছিলেন। আমার মনে হচ্ছে, বাবা যাতে দিল্লি পিরতে না পারেন, সেই চেষ্টা চলছে। আমরা ওঁকে হাসপাতাল থেকে ছাড়িয়ে আনার চেষ্টা করছি।”

আরও পড়ুন: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের

কেরলে কংগ্রেস নেতৃত্বও একই আশঙ্কা প্রকাশ করেন। প্রদেশ কংগ্রেসের সভাপতি সানি জোসেফ বলেন, “পরিস্থিতি গুরুতর। সুধাকরণের ছেলে বলছেন, পরিবারকে দেখা করতে দেওয়া হচ্ছে না। কেন্দ্রের বিজেপি সরকারের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন উনি।” AICC-র সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের দাবি, বৃহস্পতিবার সুধাকরণের বিদেশ যাওয়ার কথা জানতে পেরেছিলেন তিনি। সঙ্গে সঙ্গেই যোগাযোগ করার চেষ্টা করেন। তাঁকে না পেয়ে ফোন করেন ছেলেকে। জানান, লোকসভার অধিবেশনের পর দল তার চিকিৎসার ব্যবস্থা করবে। 

সুধাকরণকে নিয়ে অন্য তত্ত্বও সামনে আসে। কেরলের অন্যতম অভিজ্ঞ রাজনীতিক সুধাকরণ। এপ্রিল মাসে বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। কান্নুর থেকে ভোটে লড়তে চেয়েছিলেন। তবে দলের সিদ্ধান্তই শেষ পর্যন্ত মেনে নেন। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কেরল প্রদেশ কংগ্রেসের সভাপতিও ছিলেন সুধাকরণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *