কলকাতা : গুলি, বোমা, অশান্তি, রক্তারক্তি … ভোটের দ্বিতীয় দফার আগে জগদ্দলের উত্তাপ চরমে। সংঘর্ষে জড়াল বিজেপি ও তৃণমূল, দু’পক্ষ। ঘটনাকে কেন্দ্র করে উঠল গুলি-বোমা চালানোর অভিযোগও। গ্রেফতার হলেন ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর সহ মোট ৪ অভিযুক্ত। এই পরিস্থিতিতেই নরেন্দ্র মোদি এলেন। ডাক দিলেন…’আজাদি’র। বললেন, এই ভোটে বিজেপিকে বেছে নেওয়ার অর্থ… ভয় আর দাঙ্গার থেকে ‘আজাদি’, বেকারত্ব থেকে ‘আজাদি’। ব্যারাকপুরের জনজোয়ার দেখে প্রত্যয়ী প্রধানমন্ত্রী বললেন, ‘৪ মে বিজেপির শপথগ্রহণে আমায় আসতেই হবে’।
জগদ্দলে জনজোয়ারের মাঝে মোদি বললেন, ‘সারা বাংলায় একটাই স্লোগান, পাল্টানো দরকার’। ২৯ এপ্রিল বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নরেন্দ্র মোদি বললেন, ‘পশ্চিমবঙ্গের ভোটের সঙ্গে ভাগ্য বদলাবে পূর্ব ভারতের । অঙ্গ-কলিঙ্গের পর এবার পদ্মফুল ফোটানোর পালা বঙ্গের। পশ্চিমবঙ্গের উন্নতির যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেখেছিলেন, তা এবার পূর্ণ হবে। তৃণমূলের কাছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে কোনও ভিশন নেই। ১৫ বছরের রিপোর্ট কার্ডই দিতে পারেনি তৃণমূল’। মোদি প্রতিশ্রুতি দিলেন, ‘৪ মে-র বাংলায় চাকরির সুযোগ বাড়বে, সরকারি চাকরির পরীক্ষা হবে নিয়মিত ব্যবধানে’।
জগদ্দলের মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বললেন, ‘বাংলায় পরিবর্তন কেন আবশ্যক? এর উত্তর ব্যারাকপুরের চেয়ে ভাল আর কে জানে। যে ব্যারাকপুরে বাইরে থেকে লোক কাজের জন্য আসত, আজ পরিস্থিতি এমন যে, এখান থেকে লোক পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। এখানে একসময় মিল, ফ্যাক্টরি আর কারখানা থেকে মেশিনের আওয়াজ পাওয়া যেত, সেখানে আজ বোমাবাজি আর গুলির শব্দ পাওয়া যায়। এই এলাকার শিল্পক্ষেত্র বেহাল হয়ে যাচ্ছে …এখানে জুটমিল, পেপার মিল, কাপড়ের ব্যবসা, একের পর এক সব বন্ধ হয়ে যাচ্ছে। গত কয়েক মাসে ব্যারাকপুর শিল্পাঞ্চলে এক ডজনের কাছাকাছি জুটমিল বন্ধ হয়ে গেছে। ‘ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, ‘বিজেপি সরকার এখানে জনতা জনার্দনের শাসন আনবে। বিজেপি সরকার এখানে আইনের শাসন আনবে।’
রবিবার জগদ্দলে প্রধানমন্ত্রীর সভাস্থলের ১ কিলোমিটারের মধ্যেই ওঠে বোমা ও গুলি চলার অভিযোগ ওঠে। জগদ্দল থানার নাকের ডগায় খণ্ডযুদ্ধে জড়ায় তৃণমূল ও বিজেপি দুই দলের কর্মী-সমর্থকরা। বিজেপি প্রার্থী ও অর্জুন সিংয়ের ছেলের বাড়ির সামনে বোমা ও গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। রবিবার রাতে জগদ্দলে তৃণমূল-বিজেপি এই সংঘর্ষের রেশ গড়ায় সোমবারও।
আরও পড়ুন : ‘প্রথম দফায় সেঞ্চুরি, পরের দফাতেও সেঞ্চুরি’, ২ দফা মিলিয়ে কত সিটে TMC-র জয়? কী ভবিষ্যদ্বাণী মমতার?
