Assam News : একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে


মঙ্গলবার বন্যা পরিস্থিতির আরও অবনতি হল অসমে। আরও ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেল। রাজ্যের ১৬টি জেলায় ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। অসম রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের গভীর রাতের এক বুলেটিন অনুযায়ী, সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিবসাগর জেলায় গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে, এছাড়া চরাইদেওতে পাঁচজন, গোলাঘাটে দু’জন এবং জোরহাটে একজনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর ঘটনাগুলির ফলে রাজ্যে এবার বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে, ত্রাণ ও উদ্ধারকাজ পর্যালোচনা করতে তিনি বুধবার থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে পরিদর্শন করবেন।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লেখেন, ‘উপরের অংশে অতিবর্ষণজনিত কারণে সৃষ্ট অসমের বন্যা আমাদের জনগণের জন্য চরম দুর্ভোগ বয়ে এনেছে। ত্রাণ কার্যক্রমের পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল আমি চরাইদেও, নাজিরা, শিবসাগর, সোনারি, জোরহাট ও তেওক এলাকার বন্যাদুর্গত অঞ্চল এবং ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করব।’ উদালগুড়ি, নগাঁও, চরাইদেও, কামরূপ (মেট্রো), জোরহাট, তিনসুকিয়া, কার্বি আংলং, লখিমপুর ও শিবসাগর জেলাগুলি এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুলেটিনে জানানো হয়েছে যে, ৪৪টি রেভিনিউ সার্কেল বা প্রশাসনিক এলাকার ৮৭২টি গ্রাম এখনও প্লাবিত অবস্থায় রয়েছে। এতে আরও বলা হয়, শিবসাগরে মোট ৩,৫৯,৫৩৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরপরই রয়েছে জোরহাট (৮৭,৬৬২ জন) ও চরাইদেও (৭২,৬৪৬ জন) জেলা। বর্তমানে ৭১টি ত্রাণ শিবিরে ১২,২৮৪ জন বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন এবং ২০২টি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু রয়েছে। শিবসাগর জেলার শিবসাগর শহর ও নাংলামুরাঘাটে দিকৌ ও দিশাং নদী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।নেমাতিঘাটে ব্রহ্মপুত্র, খোওয়াং-এ বুড়িদিহিং এবং গোলাঘাট ও নুমালিগড়ে ধানসিরি (দক্ষিণ) নদী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন যে, বিমান বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), এসডিআরএফ এবং দমকল ও জরুরি পরিষেবা-সহ একাধিক সংস্থা ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে। রেললাইনে বন্যার জল উঠে যাওয়ায় টানা দ্বিতীয় দিনের মতো ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে বলেও তাঁরা জানিয়েছেন।

নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের (এনএফআর) মুখ্য জনসংযোগ আধিকারিক কাপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন যে, শিবসাগর জেলার সিমালুগুরি শহর ও এর আশেপাশের এলাকায় ভয়াবহ বন্যার কারণে সিমালুগুরি-নামটিয়ালি এবং সিমালুগুরি-সেলেংহাট রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। এনএফআর বেশ কয়েকটি ট্রেন বাতিল, সেগুলোর যাত্রাপথ পরিবর্তন বা যাত্রাপথ সংক্ষিপ্ত করেছে এবং আটকে পড়া যাত্রীদের সহায়তার জন্য অতিরিক্ত বিশেষ ট্রেন চালাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *