কলকাতা: দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি। শরীরে একাধিক পরিবর্তন এসেছে ওষুধের প্রভাবে, ওজন বেড়েছে, এমনকি মুড স্যুইং থেকে শুরু করে একাধিক পরিবর্তন হয়েছে তাঁর। কখনও বমি, কখনও দুর্বলতা, কখনও আবার ক্লান্তি.. একাধিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এই নায়িকাকে। তবে গোটা বিষয়টা একেবারেই সহজ ছিল না তাঁর জন্য। একে তো শরীরের একাধিক পরিবর্তন, তার ওপর সোশ্যাল মিডিয়া ট্রোলিং, সব মিলিয়ে যথেষ্ট কঠিন একটা পথ অতিক্রম করতে হচ্ছে তাঁকে। পর্দা থেকে দূরে সরে এলেও, নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ভ্লগিং করেন তিনি। নিজের শারীরিক এবং মানসিক অবস্থার কথা তিনি শেয়ার করে নেন হামেশাই। আর সদ্যই অভিনেত্রী দিপীকা কক্কর (Dipika Kakkar) জানালেন, চিকিৎসার সময়ে তাঁর ওজন বেড়ে গিয়েছিল। আর সেই সময়ে, সোশ্যাল মিডিয়ায় নাকি বডি শেমিংয়েরও শিকার হতে হয়েছিল তাঁকে!
কী বলছেন দীপিকা কক্কর?
দীপিকা কক্কর তাঁর নিজের ভ্লগে বলেন, ওজন বেড়ে যাওয়ার কারণে, মানুষ তাঁর মোটা হয়ে যাওয়া নিয়েও কথা বলত। তাঁর কথায়, ‘আমি অসুস্থতার সময়ে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ছবি শেয়ার করতাম, তার সমস্ত মন্তব্য আমি পড়তাম। অনেকেই বডি শেমিং করতেন। আমার ওজন বেড়ে যাওয়া নিয়ে কথা বলতেন। ওষুধের প্রভাব থেকে শুরু করে একাধিক সমস্যায় আমার ওজন অনেকটাই বেড়ে গিয়েছিল। তবে আমি তখন শারীরিকভাবে সেই পরিস্থিতিতে ছিলাম না যে আমি ওজন কমানোর জন্য কিছু চেষ্টা করব।’ অভিনেত্রী আরও বলেন, তাঁর এই লড়াইটা শুধু শারীরিক নয়, মানসিকও। কিছু কিছু সময়ে তিনি অবসাদের কারণে বেশি খেয়ে ফেলতেন। কিছু কিছু সময়ে, তিনি চেষ্টা করেও নিজেকে আটকাতে পারতেন না। আর সেই কারণেই ওজন কমানো তাঁর পক্ষে ভীষণ কঠিন হয়ে পড়েছিল। আর ওষুধের প্রভাব তো ছিলই।
এদিন দীপিকা আরও বলেনন, এখন জীবনে যদি একটা বড় সমস্যার মধ্যে দিয়ে তিনি যান, তখন তাঁর মনে হয়, নিজের একটু যত্ন নেওয়া প্রয়োজন। সেই কারণেই তিনি এখন তাঁর ত্বক আর চুলের যত্ন নিতে শুরু করেছেন। তিনি আরও বলেছেন, ‘আমি কোনও সুপারওম্যান নই। যেদিন আমার শরীর ভালো থাকে না, আমিও বিছানায় শুয়ে পড়ি। শরীরে একেবারেই শক্তি থাকে না। কিন্তু যেদিন একটু ভাল লাগে, আমি একটু উঠে নিজের যত্ন করার চেষ্টা করি, চুল ঠিক করি, ভালো দেখানোর চেষ্টা করি এবং শুধু ঠিক থাকার চেষ্টা করি।’
আরও পড়ুন: BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
