
সদ্যই, নিজের জীবনের তীক্ত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন, অভিনেতা রাম কপূর (Ram Kapoor)। তিনি জানিয়েছেন, মাত্র ১৩ বছর বয়সে, তিনি যখন হস্টেলে থাকতেন, সেই সময়ে তিনি যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। সেই অভিজ্ঞতার কথা আজও ভুলতে পারেননি রাম কপূর। এই ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে বলিউডকে।

তবে শুধু রাম কপূর নন, অনেক বলিউডের তারকারাই এর আগে জানিয়েছেন যে, ছোটবেলায় যৌন হেনস্থার শিকার হয়েছেন তাঁরা। বয়স পেরিয়ে গেলেও, সেই কথা মন থেকে একেবারে মুছে ফেলতে পারেননি কেউই। ছোটবেলার সেই কালো ঘটনা, মনে ছাপ ফেলে গিয়েছে।

অভিনেত্রী আরতি সিংহ, যিনি আবার গোবিন্দের ভাগ্নী ও, তিনি ‘বিগ বস ১৩’ -তে এসে নিজের জীবনের একটি তীক্ত অভিজ্ঞতার কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, তিনি যখন খুব ছোট ছিলেন, তখন তাঁদের বাড়ির এক কর্মচারী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিল ও তাঁকে যৌন হেনস্থা করার চেষ্টা করেছিল।

নিজের একটি সাক্ষাৎকারে, ছোটবেলায় তাঁর সঙ্গে ঘটে যাওয়া একটি তীক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করে নিয়েছেন, সোনম কপূর (Sonam Kapoor) ও। তিনি জানিয়েছিলেন তাঁর বয়স যখন মাত্র ১৩ কি ১৪, তখন থিয়েটারের এক ব্যক্তি তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করেছিল।

শুধু মহিলা নন, যৌন হেনস্থার শিকার হয়েছেন একাধিক পুরুষ অভিনেতারাও। তার মধ্যে অন্যতম, অক্ষয় কুমার (Akshay Kumar)। তিনি জানিয়েছেন, যখন তিনি খুব ছোট ছিলেন, সেই সময়ে পাড়ার এক লিফট অপারেটর তাঁকে অশ্লীলভাবে স্পর্শ করেছিল। সঙ্গে সঙ্গে তিনি পালিয়ে গিয়েছিলেন এবং তাঁর বাবাকে সমস্ত ঘটনা জানিয়েছিলেন। পরে ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ছোটবেলায় যৌন হেনস্থার শিকার হয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও। যখন তাঁর বয়স মাত্র ১৪, তখন তিনি একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলেন। ভিড়ের সুযোগ নিয়ে, এক ব্যক্তি তাঁর সঙ্গে অভব্য ও অশ্লীল আচরণ করেছিল। ভয় না পেয়ে দীপিকা সঙ্গে সঙ্গে তাকে একটি চড় মেরেছিলেন।

কঙ্গনা রানাউত সমস্ত বিষয়েই নিজের অকপট মতামত দেন। তিনি একাধিকবার জানিয়েছেন যে, ছোটবেলায় তিনি যৌন হেনস্থার শিকার হয়েছেন। ছোটবেলায় এক দূর সম্পর্কের আত্মীয় তাঁর যৌন হেনস্থা করেছিল। কঙ্গনা স্পষ্টই জানিয়েছিলেন, গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে ধারণা না থাকার সুযোগই নেওয়া হয়েছিল, যা অধিকাংশ শিশুর ক্ষেত্রেই হয়ে থাকে।

বিখ্যাত চলচ্চিত্র পরিচালক অনুরাগ বসুও শিশুদের সাথে যৌন নির্যাতনের বিষয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছোটবেলায় তিনিও যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন এবং সেই সময়ে তিনি কিছুই বুঝতে পারেননি।

মাত্র ৯ বছর বয়সে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন অভিনেত্রী কল্কি কেঁকলা। তিনি জানিয়েছিলেন, এই ঘটনা তাঁর মনে গভীর প্রভাব ফেলেছিল। পরবর্তীতে তিনি বলেন, যে সমস্ত শিশুদের সঙ্গে এই ঘটনা ঘটে, তাঁরা ভীত হয়ে পড়েন এবং নিজেদের একলা মনে করতে শুরু করেন।

নিজের আত্মজীবনীতে নীনা গুপ্তা লিখেছিলেন, ছোটবেলায় তিনি যখন দর্জির কাছে যেতেন বা চিকিৎসকের কাছে যেতেন, তখন অনেক সময়েই যৌন হেনস্থার শিকার হয়েছেন তিনি। কিন্তু ওই বয়সে প্রায় কিছুই বুঝতেন না তিনি। এই ধরণের ঘটনা হলে ভয় পেয়ে যেতেন। কাউকেই কিছু বলতে পারতেন না।
Published at : 15 Jul 2026 03:43 PM (IST)
