Covid 19 : অন্ধ্রপ্রদেশে রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের


অমরাবতী: ফের করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। অন্ধ্রপ্রদেশে গত প্রায় ২০ দিনে ১২ জনের শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। তবে মৃত প্রত্যেকেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনির সমস্যা-সহ একাধিক গুরুতর কোমর্বিড রোগে ভুগছিলেন বলে জানিয়েছে অন্ধ্রপ্রদেশ স্বাস্থ্য দফতর। অর্থাৎ কোভিড সংক্রমণের সঙ্গে একাধিক অসুস্থতা ছিল তাঁদের।  রাজ্যের স্বাস্থ্য কমিশনার জি ভিরাপান্ডিয়ান বৃহস্পতিবার এক সরকারি বিবৃতিতে জানান, ২৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত রাজ্যে মোট ১২ জন কোভিডে আক্রান্ত হন। তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ৩ জন কাদাপা জেলার এবং ১ জন কাকিনাড়া জেলার বাসিন্দা। কমিশনার জানান, ২০২৬ সালে অন্ধ্রপ্রদেশে প্রথম কোভিড সংক্রমণ ধরা পড়ে ২৬ জুন কাদাপা জেলায়। এরপর ১ জুলাই থেকে ১৬ জুলাইয়ের মধ্যে আরও ১১ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। সবচেয়ে বেশি ৮টি সংক্রমণের ঘটনা কাদাপা জেলায় নথিভুক্ত হয়েছে। এছাড়া গুন্টুরে ২টি, বিশাখাপত্তনমে ১টি এবং কাকিনাড়ায় ১টি সংক্রমণের ঘটনা সামনে এসেছে।

কোভিড-১৯-এর এখন যে উপসর্গগুলি চোখে পড়ছে, তার মধ্যে আছে, জ্বর বা কাঁপুনি, কাশি, শ্বাসকষ্ট বা শ্বাস নিতে অসুবিধা, গলা ব্যথা, নাক বন্ধ বা নাক দিয়ে জল পড়া, হঠাৎ স্বাদ বা গন্ধ অনুভব করার ক্ষমতা হারিয়ে ফেলা, অত্যধিক ক্লান্তি, পেশি বা শরীরে ব্যথা, মাথাব্যথা, বমি বমি ভাব বা বমি, ডায়রিয়ার মতো উপসর্গ।  তবে মনে রাখতে হবে, এগুলি কোভিড-১৯-এর সম্ভাব্য উপসর্গ। নতুন ভ্যারিয়েন্টের ক্ষেত্রে উপসর্গের ধরন পরিবর্তিত হতে পারে এবং টিকাকরণের অবস্থা অনুযায়ীও লক্ষণ ভিন্ন হতে পারে। এই তালিকায় সব সম্ভাব্য উপসর্গ অন্তর্ভুক্ত নয়। যদি জ্বর, কাশি, শ্বাসকষ্ট বা একাধিক উপসর্গ দেখা দেয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনে কোভিড পরীক্ষা করানো উচিত।

স্বাস্থ্য কমিশনার জানান, আক্রান্তদের মধ্যে ২ জন সংক্রমিত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে আসার পর কোভিডে আক্রান্ত হন। তবে কোনও একটি নির্দিষ্ট এলাকা বা ক্লাস্টারে সংক্রমণ ছড়ায়নি। বিভিন্ন মণ্ডল থেকে বিচ্ছিন্নভাবে এই সংক্রমণের ঘটনা সামনে এসেছে। স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী, ২৬ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত ৬৭টি কোভিড পরীক্ষা করা হয়, যার মধ্যে ১১টি রিপোর্ট পজিটিভ আসে। দ্বাদশ আক্রান্তের সংক্রমণ ধরা পড়ে তামিলনাড়ুর ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ (CMC)-এ। স্বাস্থ্য দফতর জানিয়েছে, বর্তমানে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে প্রয়োজনে পরীক্ষা করানো এবং শ্বাসকষ্ট বা জ্বরের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আবেদন জানানো হয়েছে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *