FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও


জুরিখ: শুরুতেই উয়েফা ঘোরতর বিরোধ জানিয়েছিল, এবার একে একে যোগ দিল কনকাকাফ, এএফসিও। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনোর (Gianni Infantino) পরিকল্পনা এখন বিশ বাও জলে। এমনকী, তিনি ফিফার সভাপতি পদে আদৌ আর থাকবেন কি না, সেই নিয়েও সংশয় তৈরি হয়েছে।

ফুটবলের উন্নতির জন্য বাড়তি অর্থ মজুতের উদ্দেশে ফিফার (FIFA) তরফে বিশ্বকাপসহ বিভিন্ন টুর্নামেন্টে থার্ড পার্টি অর্থাৎ বাহ্যিক বিনিয়োগের আহ্বান জানানোর পরিকল্পনা করা হচ্ছে। এতে প্রাপ্তি প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলারে গিয়ে ঠেকবে। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানাচ্ছে এই নিয়োগ হলে প্রতিটি দেশ নিজেদের উন্নতি সাধনের জন্য এককালীন ২০ মিলিয়ন ডলার পর্যন্ত পাবে। ফিফার তরফে অবশ্য এই থার্ড পার্টি বিনিয়োগের আহ্বান করা হলেও, এই থার্ড পার্টির খেলার ওপর কোনও নিয়ন্ত্রণ থাকবে না বলেই জানানো হয়। ফিফার ২১১টি সদস্য এই প্রস্তাবে ভোটাভুটি করার পরেই এ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

এই প্রস্তাবে উয়েফার প্রধান আলেকজান্ডার সেফেরিন আগেই বিরোধিতা করে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন যে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ইউরোপের দেশগুলি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে। এবার কনকাকাফ অর্থাৎ উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলি নিয়ে গঠিত ৪১টি সদস্য দেশও ফিফার এই প্রস্তাব নাকচ করেছে। এবার এশিয়ান ফুটবল ফেডারেশনও উয়েফা এবং কনকাফের সমর্থনেই দাঁড়িয়েছে। এরপরেই মোটামুটি বোঝা যাচ্ছে যে ফিফার এই নতুন প্রস্তাব পাশ করাতে প্রয়োজনীয় ১০৬টি ভোট ফিফা হয়তো পাবে না।

Financial Times এবং The Times-র রিপোর্টে এই বিষয়টি প্রথমবার সামনে আসে। সেই রিপোর্টে দাবি করা হচ্ছে যে এই প্রস্তাব পাশ হলে ফিফার সভাপতি ইনফানতিনোর পকেটে কয়েক মিলিয়ন পাউন্ড ঢুকবে। ফিফার তরফে জানানো হয় এই প্রস্তাব পাশ হলে Thrive Eternal নামক একটি মার্কিন কোম্পানি বিনিয়োগকারী সংস্থাগুলির মধ্যে সর্বাগ্রে থাকবে। এই কোম্পানির প্রতিষ্ঠাতা আবার ডোনাল্ড ট্রাম্পের জামাইয়ের ভাই জশুয়া কুশনার। ফিফার তরফে দাবি করা হচ্ছে যে ইনফানতিনোসহ ফিফার আধিকারিকদের ফুটবলের উন্নতি সাধন নিয়ন্ত্রণের দায়িত্ব রয়েছে। তবে এক্ষেত্রে ইনফানতিনোর কী ভূমিকা থাকবে, সেই বিষয়ে কোনওরকম ব্যাখা দেওয়া হয়নি। তবে এরপরেই অনেকে দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন। 

ইনফানতিনোর দাবি অনুযায়ী ফুটবলের অর্থনৈতিক পসার থেকে সব দেশই আর্থিকভাবে লাভবান হবে। তবে ফিফার এই প্রস্তাবের কড়া বিরোধিতা করেছে উয়েফা। ইউরোপিয়ান ফুটবল ফেডারেশনের দাবি এই গোটা বিষয়টিই সীমা লঙ্ঘন করছে।

  

  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *