নিউ ইয়র্ক: অনেকেই পর্তুগাল কোচ হিসাবে রবার্তো মার্তিনেজ়ের নিয়োগ নিয়েই সন্দেহ প্রকাশ করেছিলেন। তাঁর তত্ত্বাবধানে বিশ্বকাপে একেবারেই আশানুরূপ পারফর্ম করতে পারেনি পর্তুগিজরা। তার পরেই মার্তিনেজ়ের দায়িত্বে থাকা নিয়ে প্রবল সমালোচনা হচ্ছিল। তিনি যে পর্তুগিজ কোচের দায়িত্ব ছাড়বেন, তা আগেই জানিয়ে দিয়েছিলেন মার্তিনেজ়। এবার পর্তুগিজ ফেডারেশনের তরফেও সেই বিষয়টি নিশ্চিত করা হল।
অনেকের মতে নিজেদের বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সেরা দল নিয়ে এবারের মেগা টুর্নামেন্টে মাঠে নেমেছিল পর্তুগাল। ঠিক যেমন বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’-র দায়িত্বে ছিলেন মার্তিনেজ়, তেমনই এক তারকাখচিত পর্তুগিজ দলের তত্ত্বাবধানেও ছিলেন মার্তিনেজ়। তাঁর কোচিংয়েই পর্তুগাল গত বছর উয়েফা নেশনস লিগ জেতে। তবে উয়েফা ইউরোতে কোয়ার্টার ফাইনালে পরাজয়ের পরে বিশ্বকাপেও পর্তুগাল দল আশাপূরণে ব্যর্থ। মার্তিনেজ়ের পরিকল্পনা তৈরি থেকে রোনাল্ডোকে ব্যবহার, সবকিছু নিয়েই প্রশ্ন উঠেছে, সমালোচনা হয়েছে। রাউন্ড অফ ১৬-তে পর্তুগিজদের হারের পরই তিনি সরে দাঁড়ালেন। এই মার্তিনেজ়ের তত্ত্বাবধানে বেলজিয়াম দলও নিজেদের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি বলে অনেকে মনে করেন। অতীত, বর্তমান সব মিলিয়েই মার্তিনেজ়ের বিদায় প্রায় নিশ্চিতই ছিল। এবার তাতে সিলমোহর পড়ল।
অপরদিকে, এই পর্তুগালের কাছ হেরেই রাউন্ড অফ ৩২-এ বিদায় নেয় ক্রোয়েশিয়া। নিঃসন্দেহেই এই ক্রোয়েশিয়ার জাতীয় দলের সফলতম কোচ জ্লাতকো দালিচ। ২০১৭ সালে দলের দায়িত্ব নেওয়ার পর থেকে দলের অভূতপূর্ব উন্নতি ঘটান তিনি। দুই উয়েফা ইউরো টুর্নামেন্টে তাঁর তেমন সাফল্য নেই। ২০২০ সালের ইউরোতে ক্রোয়েশিয়া রাউন্ড অফ ১৬ থেকে বিদায়, ইউরো ২০২৪ সালে নক আউটেই পৌঁছয়নি ক্রোয়েশিয়া। তবে বিশ্বকাপে দালিচের তত্ত্বাবধানে ক্রোয়েশিয়ার সাফল্য ঈর্ষণীয়। ছোট্ট দেশ ক্রোয়েশিয়া দালিচের তত্ত্বাবধানেই ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছিল। ২০২২ সালের বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করে তারা।
আরও পড়ুন:- স্পেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালপূর্বেই বড় ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বেলজিয়াম তারকা
তবে এবারের বিশ্বকাপে পর্তুগালের বিরুদ্ধে রাউন্ড অফ ৩২-এ শেষবেলার গোলে ছিটকে যায় ক্রোয়েশিয়া। সেই হারের পরেই ক্রোয়েশিয়ার দায়িত্ব ছাড়লেন ৫৯ বছর বয়সি দালিচ। ক্রোয়েশিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। নয় বছর ক্রোটদের কোচের দায়িত্বে ছিলেন তিনি। দালিচ সরে যাওয়াতে ক্রোয়েশিয়ার জাতীয় দলের এক অধ্যায়ের অবসান হল। এই স্মরণীয় সফর শেষে দালিচকে কৃতজ্ঞতা জানিয়েই তাঁর বিদায়ের কথা ঘোষণা করেছে ক্রোয়েশিয়ার ফুটবল ফেডারেশন।
অবশ্য শুধু দালিচ নয়, কোচের পাশাপাশি দলের কিংবদন্তি অধিনায়ক লুকা মদ্রিচও সম্ভবত এই বিশ্বকাপেই জাতীয় দলের হয়ে নিজের কেরিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন। চল্লিশোর্ধ মদ্রিচ সম্ভবত শীঘ্রই জাতীয় দল থেকে অবসরের কথা ঘোষণা করবেন বলেও মনে করা হচ্ছে।
