লন্ডন: আইপিএল থেকে ২ বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল তাঁকে। শেষ পর্যন্ত সেই নির্বাসন কাটিয়ে আগামী মরশুমে আইপিএলে ফিরতে চলেছেন হ্যারি ব্রুক। নিজেই টুর্নামেন্টে ফেরার কথা ঘোষণা করেছেন ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক। শেষবার আইপিএলের মঞ্চে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন ব্রুক। কিন্তু এরপর দুটো মরশুমে পরপর নাম তুলে নেওয়ায় তাঁকে নির্বাসিত করা হয়েছিল আইপিএল কমিটির তরফে। শেষ পর্যন্ত আগামী মরশুমে সেই নির্বাসন কাটিয়ে ফিরতে চলেছেন ব্রুক।
২০২৫ আইপিএলের নিলামের সময়ে দিল্লি ক্যাপিটালস ব্রুককে ৬ কোটি ২৫ লক্ষ টাকায় ব্রুককে দলে নিয়েছিল। কিন্তু দল পাওয়ার পরেও যেভাবে আইপিএল থেকে নাম তুলে নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক, এরপরই শাস্তির কথা ঘোষণা করেছিল আইপিএল। আপাতত অবশ্য় ইংল্যান্ডের জার্সিতে নিজে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাওয়াটাই লক্ষ্য ব্রুকের। তিনি বলছেন, ‘আমি জানি না ভবিষ্যতে কী অপেক্ষা করছে। কিন্তু আপাতত এইটুকুই বলতে চাই যে আমি পুরোপুরি ইংল্যান্ডের হয়ে যত বেশি সম্ভব ক্রিকেট খেলতে চাই। ওটাই আমার কাছে প্রাধান্য পাবে আপাতত।’
আইপিএল নিয়ে জিজ্ঞাসা করা হলেই ব্রুক জানান, ‘অবশ্যই আমি আইপিএলে খেলতে চাই আবার। দারুণ একটা টুর্নামেন্ট। বিশ্বের সেরা ক্রিকেটাররা ওই টুর্নামেন্টে অংশ নেন। আমার দারুণ অভিজ্ঞতা হয়েছে। নিজেকে আরও পরিণত ক্রিকেটার হিসেবে গড়ে তোলা যায়।’
এদিকে, আগামী আইপিএলে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের নাও পাওয়া যেতে পারে। অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ইঙ্গিত দিয়েছেন, পরের আইপিএলে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ছাড়া নিয়ে কড়া সিদ্ধান্ত নিতে পারেন। বিশেষ করে ফাস্টবোলারদের যত্নে রাখা নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অজ়ি কোচ। তার অন্য়তম কারণ হয়ত ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট ও আগামী বছরের ওয়ান ডে বিশ্বকাপ। পরের ১২ মাসে ২০টি টেস্ট ম্যাচ ও ১৪টি সীমিত ওভারের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ দিয়ে শুরু হচ্ছে টানা ক্রিকেট। জ়িম্বাবোয়ে ও দক্ষিণ আফ্রিকায় ৬টি ওয়ান ডে, দক্ষিণ আফ্রিকায় তিনটি টেস্ট, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে আটটি সীমিত ওভারের ম্যাচ, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৪টি টেস্ট, ভারতের মাটিতে ৫টি টেস্ট, তারপর মার্চ মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে দেড়শোতম বর্ষপূর্তি উপলক্ষ্যে ঘরের মাঠে একটি টেস্ট ও জুন-জুলাই মাসে পাঁচ টেস্টের অ্যাশেজ। সঙ্গে থাকছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনালের টিকিট প্রায় পাকা করে ফেলেছে অস্ট্রেলিয়া। সব মিলিয়ে ঠাসা সূচি। সঙ্গে অক্টোবর-নভেম্বর মাসে বিশ্বকাপের আগে আরও কয়েকটি সিরিজের পরিকল্পনাও রয়েছে।
