কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশে, আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা নন।আগামী ১০ দিনের মধ্যে বিরোধী দলনেতা কে হবেন, সেই সিদ্ধান্ত নেবেন বিধানসভার অধ্যক্ষ। এখন প্রশ্ন হচ্ছে এবার কী হবে? কী পদক্ষেপ করবেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু? কারণ অধ্যক্ষকে দেওয়া হাইকোর্টের ১০ দিনের সময়সীমা শুরু হচ্ছে,২৮ নভেম্বর শনিবার থেকে। যা থাকবে ৭ ডিসেম্বর পর্যন্ত।
আরও পড়ুন, উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
অন্যদিকে, ৪ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর রয়েছে বিধানসভার শীতকালীন অধিবেশন। তাহলে কি বিরোধী দলনেতাকে ছাড়াই বিধানসভার অধিবেশন শুরু হবে? নাকি, বিধানসভার অধ্যক্ষ আগেই এ নিয়ে সিদ্ধান্ত নিয়ে নেবেন?আইনজীবী ফিরদৌস শামিম বলেন, স্পিকারকে ১৯৩৭ সালের আইন মেনে করতে হবে। সুপ্রিম কোর্টেরও নির্দেশ রয়েছে এটা নিয়ে। শুধু যে নির্বাচিত বিধায়করা গুরুত্ব পাবে তা নয়, সাংগঠনিক দিকটাও দেখতে হবে। সেটা দেখে স্পিকারকে সিদ্ধান্ত দেখতে হবে। বিধানসভার অধিবেশন শুরু হয়ে গেলে বিরোধী দলনেতাকে ছাড়াই হবে।’
গত তেসরা জুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী তৃণমূল বিধায়কদের সমর্থনে বিরোধী দলনেতা হন। সেই সিদ্ধান্তকে সমর্থন জানান বিধানসভার অধ্যক্ষ। তাকে চ্যালেঞ্জ করে মামলা করেন মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। সেই মামলা সিঙ্গল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হয়ে ফের ফেরত আসে সিঙ্গল বেঞ্চে। এই অবস্থায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এদিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে,ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হওয়ার বিকল্প খোলা রয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামানদের সামনে। যদিও গণতান্ত্রিক তৃণমূল শিবির জানিয়ে দিয়েছে, তারা অধ্যক্ষের ওপরেই আস্থা রাখছেন।
প্রশ্ন: আপনারা কি স্পিকারের সিদ্ধান্তের ওপরেই ভরসা রাখছেন নাকি ডিভিশন বেঞ্চে যাবেন?
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিধায়ক, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস : না না না না। আমরা, মাননীয় স্পিকার হচ্ছেন আমাদের হাউসের হাইয়েস্ট কাস্টোডিয়ান। স্পিকার যে সিদ্ধান্ত নেবেন, আমরা মাননীয় স্পিকারের ওই যে বললাম,স্পিকার যদি মনে করেন সোমবার, মঙ্গলবার, বুধবার যেদিন বলবেন সংখ্যাগরিষ্ঠ বিধায়ক নিয়ে আমরা উপস্থিত হব।
মমতা তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দেখ কেমন লাগে! আর বিরোধী দলনেতা নয়। আমি তো বলেইছিলাম এটা অসৎ উপায়। অধ্যক্ষের যে পদ, সেই পদের মর্যাদার অক্ষুণ্ণ করল, এই প্রথম কলকাতা হাইকোর্ট অধ্যক্ষের কোনও নির্দেশকে খারিজ করছে, এটা তো একটা বড় জিনিস। অধ্যক্ষ সমস্ত দলের ওপরে থাকতে হয় তাঁকে। আইন মোতাবেক, সংবিধান মোতাবেক কাজ করতে হয়। কিন্তু পশ্চিমবঙ্গের অধ্যক্ষ সেটা প্রমাণ করে দিল তিনি করতে পারলেন না।
কে আসল তৃণমূল, আর কে নকল তৃণমূল, কে বিজেপির বিরুদ্ধে, আর বিজেপির বি-টিম এ নিয়ে শুরু থেকেই দুই তৃণমূলের চাপানউতোর চরমে। এই অবস্থায় বিরোধী দলনেতার মামলায় হাইকোর্টের এদিনের রায়ের পরে, বিধানসভার অধ্যক্ষের ওপরেই আপাতত আস্থা রাখছেন মমতা তৃণমূল কংগ্রেস। মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ বলেন, আমরা আশা করি, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং আইন মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে। যে ন্যায় বিচার হয়নি, পক্ষপাতিষ্ঠ হয়েছে, তাহলে স্পিকারের কাছে যদি ন্যায় বিচার না পাওয়া যায়, তাহলে ন্যায় বিচারের জন্য আরও বৃহত্তর জায়গায় যেতেই হয়।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ‘পুরো অনৈতিকভাবে বিষয়টি হয়েছিল। আমার মনে হয় যে, সঠিক সিদ্ধান্ত মহামান্য আদালত নিয়েছেন।আগে নেওয়া দরকার ছিল। কারণ যে কোনও বিধানসভার ভিতরে, লোকসভার ভিতরে সরকারপক্ষ সরকারপক্ষের শ্যাডো অপোজিশন থাকবে তাহলে চেক অ্যান্ড ব্যালেন্স হয় না। সব থেকে দুঃখজনক বিষয় যে স্বয়ং মুখ্যমন্ত্রী এবং পুরো দল এইরকম একটি বেআইনি কাঠামোকে তারা অগ্রাধিকার দিয়ে যাচ্ছিলেন। আমার মনে হয় এই ব্যবস্থাকে সম্পূর্ণ বাতিল করা প্রয়োজন।’ মমতা তৃণমূল কংগ্রেস চাইছে ন্যায়বিচার।কংগ্রেস বলছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার বিষয়টি অনৈতিকভাবে হয়েছে। আর মুখ্যমন্ত্রীর গলায় শোনা যাচ্ছে সংখ্যার কথা।
Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
