বুয়েনস আইরস: দিনকয়েক আগেই নিজের জীবনের সবথেকে বড় সাপোর্ট, নিজের বাবাকে হারিয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। দীর্ঘদিন রোগভোগের সঙ্গে লড়াই করার পর ৬৮ বছর বয়সে প্রাণ হারান হোর্হে মেসি (Jorge Messi)। শোকে কাতর লিও এবার বাবার স্মৃতির উদ্দেশে এক আবেগঘন পোস্ট লিখলেন। সেই আবেগঘন পোস্ট পড়ে মেসি সমর্থক শুধু নয়, সাধারণ মানুষ থেকে ফুটবলপ্রেমীর, সকলেরই চোখে জল আসতে বাধ্য। একে তো পোস্টের রন্ধ্রে রন্ধ্রে তাঁর বাবার প্রতি কৃতজ্ঞতা, আবার সেই পোস্টেই নিজের কেরিয়ারের শেষের পূর্বাভাস দিয়ে রাখলেন মেসি।
মেসির বাবা পরলোক গমনে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও (Cristiano Ronaldo) মেসির পাশে এসে দাঁড়িয়েছেন। মেসির ছবির কমেন্টে এক আবেগঘন বার্তায় ‘সিআর৭’ লেখেন, ‘তোমার এবং তোমার পরিবারের জন্য অনেক সমবেদনা লিও। ঈশ্বর এই কঠিন সময়ে শক্তি প্রদান করুন।’

মেসি নিজেও হতাশ, দুঃখিত। যে বাবার হাত ধরে স্বপ্ন দেখার শুরু। তাঁর কথামতোই যে বাবা তাঁর বন্ধু, তাঁর এজেন্ট। যে সবসময় তাঁর পাশে থেকেছেন, যখন যেমন ভূমিকা প্রয়োজন হয়েছে, তা পালন করেছেন, সেই বাবাই আর নেই। নিজের বাবার শিক্ষাদীক্ষা নিজের সন্তানের দেওয়ার প্রতিশ্রুতি করেন মেসি। ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করেন কীভাবে তাঁর বাবা শেষবার এই বিশ্বকাপে খেলার জন্য তাঁকে বলেছিলেন। তবে এই প্রথমবার কোনও প্রতিযোগিতায় তিনি তাঁর পাশে ছিলেন না, শরীর খারাপের জেরে গোটা বিশ্বকাপেই অনুপস্থিত ছিলেন।
তাঁর বাবা যে নেই এখনও মানতে পারছেন না মেসি। তিনি লিখছেন, ‘আপনি যে আর নেই, সেটা বিশ্বাসই হচ্ছে না। মেনে নিতে পারছি না। আপনাকে আর দেখতে পাব না, এটা ভাবতে পারছি না। জানি আপনি অনেক কষ্ট পাচ্ছিলেন এবং সেই কষ্ট থেকে মুক্তি পেয়েছেন। তবে আমাদের তো এখনও কত কিছু উপভোগ করা বাকি ছিল।’
আরও পড়ুন:- বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
মেসি জানান তাঁর বাবা তাঁকে বিশ্বকাপ খেলতে বলায় তিনি বিশ্বকাপে খেলেন এবং যাতে সুস্থ হয়ে তাঁর বাবা ফাইনালে আসতে পারে, তাই আরও বদ্ধপরিকর হয়ে লড়াইও চালান। তবে দল ফাইনালে পৌঁছলেও, তাঁর বাবা আসতে পারেননি। তাঁকে কোনও ম্যাচের পরেই মেসেজটুকু করতে পারেননি। এমনকী আর্জেন্তিনা দল যে পেনাল্টিতে পরাজিত হয়নি, সেই সত্যিটুকু শোনার মতো পরিস্থিতিতেও তাঁর বাবা ছিলেন না।
এরপরেই বাবার অবর্তমানে নিজের কেরিয়ারে ইতি টানার পূর্বাভাস দেন ‘এলএম১০’। তিনি লেখেন, ‘আমি জানি না তোমায় ছাড়া আমি কী করব। আমি জানি না কী করে সবটা চালিয়ে যাব। আমি তো খালি ফুটবল খেলেছি এবং এবার সত্যি সন্দেহ হচ্ছে যে আর কতদিন আমি খেলা চালিয়ে যেতে পারব। তুমি তো শুরু থেকেই আমার সঙ্গে ছিল। শেষটা তো প্রায় চলেই এসেছিল। কেন তুমি আর কিছুদিন লড়াইটা চালাতে পারলে না? আমাদের শুরুর মতো শেষটাও তো তাহলে একসঙ্গেই হত।’
মেসির পোস্টে এই লেখা পড়েই অনেকে মনে করছেন এবারে হয়তো সত্যিই ৩৯-র মেসির কেরিয়ারের যবনিকা পতন ঘটতে আর বেশিদিন বাকি নেই। অনেক ফুটবলপ্রেমীরই এই কারণেও তাই মন খারাপ।
