মিউনিখ: এবারের বিশ্বকাপেও খেলতে চাননি প্রথমে। ফেডারেশনের অনুরোধ শেষ পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে নামলেও জানিয়ে দিয়েছিলেন যে এটাই শেষবার। আর সেই মতই প্যারাগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরই পাকাপাকিভাবে ফুটবলকে বিদায় জানালেন কিংবদন্তি জার্মান গোলরক্ষক। বিশ্বকাপের শেষ ষোলোয় প্যারাগুয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল জার্মানি। ম্য়াচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই তেকাঠির নীচে মরিয়া চেষ্টা করেছিলেন ন্যয়ার দলকে পরের রাউন্ডে তোলার। কিন্তু পারেননি শেষ পর্যন্ত। জার্মানি ম্য়াচ হেরে যেতেই অবসর নিয়ে নিলেন ন্যয়ার। ১৭ বছরের বর্ণাঢ্য কেরিয়ারে ইতি টানলেন ন্যয়ার।
দীর্ঘ কেরিয়ারে ২০১৪ সালে বিশ্বকাপ জয় অন্য়তম স্মরণীয় মুহূর্ত ন্য়য়ারের। সেই টুর্নামেন্টে তেকাঠির নীচে এক কথায় অনবদ্য ছিলেন ন্য়য়ার। সেবার গোল্ডেন গ্লাভসও জিতেছিলেন ন্যয়ার। নিখুঁত শট ঠেকানো, ক্ষিপ্রতা, সবকিছুতেই যেন টেক্কা দিয়েছিলেন। যার জন্য ‘স্যুইপার কিপার’ নামেও পরিচিতি পেয়েছিলেন জার্মানির গোলরক্ষক। দেশের হয়ে ১২৪টি ম্য়াচ খেলেছেন ন্যয়ার। ২০২৪ ইউরোর পরই দল থেকে সরে দাঁড়িয়েছিলেন ন্যয়ার। কিন্তু ফের একবার জাতীয় দলে ফিরে আসেন। এই নিয়ে পঞ্চম বিশ্বকাপ খেলতে নেমেছিলেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক। ন্য়য়ার একটি বিষয়ে টেক্কা দিয়েছেন প্রাক্তন ফুটবলার লোথার ম্যাথিউজকে। জার্মানির জার্সিতে সবচেয়ে বয়স্ক প্লেয়ার হিসেবে কোনও মেজর টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন ন্যয়ার এবার।
এদিকে, বিশ্বকাপে অঘটন ঘটিয়ে ছিটকে গিয়েছে জার্মানি। প্য়ারাগুয়ের বিরুদ্ধে পেনাল্টি শ্যুট আউটে হেরে গিয়েছে জার্মানরা। এবারের বিশ্বকাপে জার্মানিকে খুব একটা ফেভারিট কোনও বিশেষজ্ঞই মানেননি। তবে সেমিফাইনাল পর্যন্ত তারা যাবে, এটুকু আশা করা গিয়েছিল। কিন্তু তা আর হল না। গ্রুপ পর্বেই আক্রমণ ও ডিফেন্সে নড়বড়ে ভাব কিছুটা চিন্তা বাড়িয়েছিল দলের। যদিও দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে তা সমস্যা তৈরি করেনি। কিন্তু নক আউটে প্যারাগুয়ের গতি ও ধারালো আক্রমণ সামলাতে হিমশিম খেতে হল মুসিয়ালা, কিমিচদের। তবে খেলায় একটি গোল নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। রেফারির সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। প্যারাগুয়ের বক্সে গোলকিপারের সঙ্গে ধাক্কা লেগেছিল জার্মানির এক ফুটবলারের। কর্নার থেকে গোল করার জন্যই শরীর শূন্য ভাসিয়ে দিয়েছিলেন সেই ফুটবলার। কিন্তু আচমকা প্য়ারাগুয়ের গোলরক্ষকের সঙ্গে শরীরের সংস্পর্শ হয়। যাতে সেই গোলরক্ষক পড়ে যান মাটিতে। অন্য়দিকে জার্মানির ফুটবলার জালে বল জড়িয়ে দিলেও সেই গোল বাতিল হয়ে যায় ও VAR-এর সাহায্য়ে। কেউ বলছেন এটা নিশ্চিত গোল ছিল। আবার কেউ বলছেন ডি বক্সে গোলকিপারের শরীরের ধাক্কা লাগলেই ফাউল হওয়াটাই নিয়ম।
FIFA World Cup 2026: মহাকাশে বিশ্বকাপের ফুটবল! ‘Trionda’ নিয়ে গবেষণা করছে NASA?
