নিউ ইয়র্ক: বিশ্বকাপের দল (FIFA World Cup 2026) যখন ঘোষণা করা হয়, তখনই নেমারের নাম স্কোয়াডে থাকায় অনেকে খানিকটা বিস্মিত হয়েছিল। চোটের কবলে রয়েছেন নেমার (Neymar Jr)। এই চোটের জেরেই তিনি ব্রাজিলের (Brazil Football Team) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে খেলতে পারেননি। এবার হাইতির বিরুদ্ধে সেলেসাওয়ের দ্বিতীয় ম্যাচেও নেমারকে মাঠে দেখা যাবে না। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের তরফে জানিয়ে দেওয়া হয় নেমার তো পরের ম্যাচে খেলতে পারবেনই না, এমনকী তিনি ফিলাডেলফিয়ায় দলের সঙ্গে সফরও করেননি।
এসিএল ছিঁড়ে যাওয়ার পর ২০২৩ সালের অক্টোবরের পর থেকে নেমার (Neymar Jr) সেলেসাওয়ের হয়ে মাঠেই নামেননি। তিনি চলতি মরশুমে বারংবার চোট আঘাতে ভুগেছেন। তা সত্ত্বেও আনসেলোত্তি নেমারকে বিশ্বকাপের দলে সুযোগ দেন। তবে শুরুতেই বিপত্তি। নেমার ব্রাজিলিয়ান শিবিরে যোগ দেওয়ার পরেই অনুশীলনে নেমে অস্বস্তি অনুভব করেছিলেন। শোনা গিয়েছিল তাঁর গ্রেড ২ পেশির স্ট্রেন হয়েছে এবং হালকা পেশি ছিঁড়েও গিয়েছে, যা সারতে বিশ্রাম এবং রিহ্যাবের প্রয়োজন। এখনও চোট সারিয়ে উঠতে পারেননি নেমার, তাই তিনি রিহ্যাব অব্যাহত রাখবেন।
ব্রাজিলিয়ান ফেডারেশনের তরফে বিবৃতিতে জানানো হয়, ‘ওঁ নিউ জার্সিতেই থেকে রিজ় হোটেল এবং কলম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারের দারুণ পরিকাঠামোয় নিজের চোট সারিয়ে তোলার শেষ ধাপ দ্রুত সম্পন্ন করার চেষ্টা চালাবেন।’
আরও পড়ুন:-হাড্ডাহাড্ডি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসাবে নক আউটে পৌঁছে গেল আয়োজক মেক্সিকো
নেমার বুধবার খানিকটা সময়ের জন্য ব্রাজিলের অনুশীলনে যোগ দেন। রাফিনহা, ফ্যাবিনহোদের সঙ্গে অনুশীলনের ফাঁকেই মজার ছলে সাংবাদিকদের প্রশ্ন করে নেমার জিজ্ঞেস করেন, ‘আমায় মিস করিছলেন?’ তিনি এরপরেই কার্লো আনসেলোত্তির কোচিং স্টাফের সঙ্গে চোট সারানোর লক্ষ্যে দৌড়ন। এই ছবি দেখার পরে আশা করা হচ্ছিল তাঁকে হয়তো হাইতির বিরুদ্ধে মাঠে দেখা যাব। তবে তা সম্ভব হচ্ছে না।
ব্রাজিলিয়ান মিডিয়ার তরফে বলাবলি করা হচ্ছে দলের মেডিক্যাল স্টাফরা আশা করছেন ব্রাজিল নক আউটে পৌঁছলে, সেই পর্বে নেমারকে সম্পূর্ণভাবে ফিট অবস্থায় পাওয়া যাবে। অর্থাৎ ব্রাজিলিয়ান ‘ট্যালিসম্যান’ হাইতির বিরুদ্ধে আগামী ম্যাচ তো বটেই, এমনকী স্কটল্যান্ডের বিরুদ্ধেও খেলবেন না বলে মনে করা হচ্ছে। এবার দেখার শেষমেশ ঠিক কবে কোন দলের বিরুদ্ধে কোন মাঠে নেমার প্রায় আড়াই বছর পর সেলেসাওয়ের জার্সি গায়ে চাপিয়ে আবার মাঠে নামেন।
Chess Grandmaster | পশ্চিমবঙ্গের দাবার মুকুটে যোগ হল নতুন পালক, দেশের ৯৫তম গ্র্যান্ডমাস্টার হলেন কলকাতার আরণ্যক ঘোষ
