Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক


মায়ামি: বিশ্বকাপের (FIFA World Cup 2026) তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি নরওয়ে এবং ইংল্যান্ড (Norway vs England)। এই লড়াইয়ের ভিতরের লড়াইটা হবে বর্তমান বিশ্বের সর্বসেরা দুই নয় নম্বরের মধ্যে, আরলিং হালান্ড (Erling Haaland) ও হ্যারি কেন (Harry Kane)। দুই দলের দুই মহাতারকাই চলতি বিশ্বকাপে গোলের পর গোল করেছেন, দলকে জিতিয়েছেন। এবার তাঁরা সম্মুখ-সমরে। এই দুইয়ের লড়াইয়ে কে জয়ের হাসি হাসবে, সেই প্রশ্নের উত্তর পেতে মুখিয়ে রয়েছে গোটা ফুটবলবিশ্ব। এবার সেই নিয়ে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনও।

দুই স্ট্রাইকারের মধ্য সেরা কে? কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে হ্যারি কেনকে প্রশ্ন করা হলে জবাবে বায়ার্ন মিউনিখ তারকা বলেন, ‘আমার পক্ষে এর জবাব দেওয়া অসম্ভব। প্রথমত তো আমি বলব আমার মতে আমরা সম্পূর্ণ ভিন্ন ধরনের খেলোয়াড়। হ্যাঁ, আমরা দুইজনেই সিনিয়র স্ট্রাইকার বটে, তবে আমরা অনেকটা ভিন্ন জায়গায় খেলি। আমি কয়েকটি গোল করলেও, নিজেকে ভিন্ন ধরনের খেলোয়াড় বলে মনে করি। আমার ক্ষেত্রে আমি বল পায়ে পেতে, বলের দখল নিতে বেশি পছন্দ করি, আবার প্রয়োজনে প্রথাগত নয় নম্বরের ভূমিকায়ও খেলতে পারি।’

আরও পড়ুন:- কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার 

চলতি বিশ্বকাপে হ্যারি কেন ছয় গোল করেছেন। সেখানে হালান্ড সাত গোল করে যুগ্মভাবে ‘গোল্ডেন বুট’-র দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। দুইজনের কাছেই সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ রয়েছে। তবে কেন জানান তিনি সর্বাধিক গোল করে গোল্ডেন বুট পাওয়ার থেকে বিশ্বকাপ জেতায় বেশি আগ্রহী। ‘আমার প্রধান লক্ষ্য ইংল্যান্ডের সঙ্গে বিশ্বকাপ জয়, গোল্ডেন বুট জয় নয়। তবে আমি এও জানি যে আমি একজন গোলস্কোরার। তাই আমি গোল করলে সেটা দলকে সাহায্যই করবে’ দাবি ৩২ বছর বয়সি ইংরেজ মহাতারকার।

তবে ম্যাচের আগে হালান্ডের প্রশংসা করতেও কোনও কার্পণ্য করেননি কেন। তাঁর মতে, ‘আরলিং অসাধারণ। শারীরিকভাবে ও অনেকটা যন্ত্রের মতো। ও দানব। ওর ফিনিশিংটা সর্বোচ্চ স্তরের যা ওর গোলসংখ্যার দ্বারাই বোঝা যায়। একজন খেলোয়াড় এবং পেশাদার হিসাবে ওকে আমি সম্মান করি। আশা করছি কালকে ও শান্তই থাকবে, তবে সাম্প্রতিক সময়ে ও যা পারফর্ম করেছে, সেটাই ওর পরিচয় দেয়। ও দুরন্ত ফুটবলার।’ 

এবার দেখার দৃষ্টিনন্দন মায়ামি কোন মহাতারকা নিজের দলকে পরবর্তী রাউন্ডে পৌঁছে দিতে পারেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *