আর্জেন্তিনাকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ২০১০ সালের পর ফের বিশ্বসেরার খেতাব জিতেছে। সোমবার দেশে ফেরে লুইস দে লা ফুয়েন্তের (Luis de la Fuente) প্রশিক্ষণাধীন দল। খোলা বাসে শহর ঘুরলেন স্পেনের তারকারা।
কটাক্ষ রোনাল্ডোকে
স্পেনের বিজয়োৎসবে ফ্যানদের সঙ্গে দেখা করেন ফুটবলাররা। ছবি তোলা হয়। সেখানেই রোনাল্ডোর পর্তুগালের বিশ্বকাপ থেকে দ্রুত বিদায়ের প্রসঙ্গ ওঠে। ঘটনার কেন্দ্রে ছিলেন রাইট উইঙ্গার ইয়েরেমি পিনো (Yeremy Pino)। যাঁকে স্পেনের ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডো’ বলে ডাকা হয়। রোনাল্ডো ও পিনোর মধ্যে তফাত বোঝাতেই ওঠে বিশ্বকাপে সাফল্যের প্রসঙ্গ। রোনাল্ডো গোটা কেরিয়ারে বিশ্বকাপ জেতেননি। তবে ২৩ বছরের পিনো বিশ্বকাপ জিতলেন।
স্পেনের বিজয়োৎসবের মধ্যেই সঞ্চালক তাই বলেন, ‘পিনোকে সকলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলে ডাকেন। তবে ও কিন্তু বিশ্বকাপ জিতেছে। আমাদের জাতীয় দলের মাঝমাঠের ফুটবলার। কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের চ্যাম্পিয়ন কিন্তু ১১ নম্বর জার্সির ইয়েরেমি পিনো।’
পিনো খেলেন প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিস্টাল প্যালেসের হয়ে। বিশ্বকাপে মাত্র ৬৯ মিনিট মাঠে ছিলেন তিনি। সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচে ৪৫ মিনিট খেলেন। উরুগুয়ের বিরুদ্ধে তাঁকে ২৪ মিনিটের জন্য মাঠে রেখেছিলেন কোচ ফুয়েন্তে।
আরও পড়ুন: আর্জেন্তিনাকে ‘ম্যাচ ছাড়তে’ বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
