Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ ‘রামায়ণ’-এর সীতা সাই পল্লবী


বলিউডের অন্যতম বিগ বাজেটের ছবি ‘রামায়ণ’। যা নিয়ে সিনে প্রেমীদের মধ্যে চর্চার অন্ত নেই। এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে এ বছরের নভেম্বরে। সেখানে রণবীর কাপুরকে দেখা যাবে রামের ভূমিকার। আর সীতার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে (Sai Pallavi)। দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী নিজের অভিনয় দক্ষতার জোরে দেশের শীর্ষ তারকাদের সারিতে জায়গা করে নিয়েছেন। পরিচালক নীতিশ তিওয়ারির মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এ তাই সীতার চরিত্রে অভিনয়ের সুযোগও পেয়েছেন তিনি। তাঁর ফ্যানেদের সংখ্যাও বিরাট। তবে তাঁর পেছনে রয়েছে এক কঠোর পরিশ্রমের ইতিহাস। একসময় যিনি ছিলেন, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) সিনেমার জুনিয়র আর্টিস্ট, আজ তিনি ৪,০০০ কোটি টাকার মেগা বাজেট চলচ্চিত্রের মূল চরিত্রে।

২০০৮ সালে কঙ্গনা রানাওয়াত ‘ধাম ধুম’ (Dhaam Dhoom) ছবির মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে পা রাখেন। সেই ছবিতে কঙ্গনার পেছনে একজন সাধারণ জুনিয়র আর্টিস্ট হিসেবে দেখা গিয়েছিল সাই পল্লবীকে। ছবিতে কঙ্গনার চরিত্র ‘শেনবা’-র বন্ধুর একটি ছোট ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সেই সময় এক সাক্ষাৎকারে পল্লবী নিজেই জানান, তখন তিনি ষষ্ঠ শ্রেণীতে পড়তেন এবং পরিচিত একজনের সূত্রে ছবিটিতে জুনিয়র আর্টিস্ট হিসেবে একটা ছোট্ট ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন।

জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করার কয়েক বছর পর ২০১৫ সালে আলফন্স পুথরেনের মালয়ালম রোমান্টিক ছবি ‘প্রেমম’ (Premam)-এর মাধ্যমে ডেবিউ হয় তাঁর। ছবিতে ‘মলার’ চরিত্রে তাঁর সাবলীল অভিনয় রাতারাতি তাঁকে তুমুল জনপ্রিয়তা এনে দেয় এবং তিনি সেরা মহিলা ডেবিউ হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘ফিদা’, ‘কালী’, ‘শ্যাম সিংহ রায়’, ‘গার্গী’, ‘অমরন’ এবং ‘থান্ডেল’-এর মতো একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে তিনি হয়ে ওঠেন দক্ষিণী সিনেমার অন্যতম সফল অভিনেত্রী।

বর্তমানে ভারতীয় সিনেমার অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেত্রী (ছবি প্রতি ফি আনুমানিক ৩ কোটি টাকা) অভিনয় করছেন নীতিশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এ। এতে রামের চরিত্রে যেমন রয়েছেন রণবীর কাপুর, রাবণের ভূমিকায় যশ এবং হনুমানের চরিত্রে সানি দেওল। বিশাল ক্যানভাসে তৈরি এই চলচ্চিত্রে সীতার মতো একটি পবিত্র ও ঐতিহাসিক চরিত্রে সাই পল্লবীর নির্বাচন তাঁর অসাধারণ অভিনয় দক্ষতারই প্রমাণ দেয়।

একটি তামিল অ্যাকশন থ্রিলারে কঙ্গনা রানাওয়াতের পেছনের ভিড়ে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট মেয়েটা আজ ভারতীয় সিনেমার সবচেয়ে বড় বাজেটের ছবিতে সীতা। এই পথটা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। মেকআপ এর প্রতি সাই এর মোহ নেই। তাঁর প্রাকৃতিক সৌন্দর্যই সকলকে আকৃষ্ট করে। নিজের নিষ্ঠা ও সহজাত অভিনয় দিয়ে সাই পল্লবী প্রমাণ করেছেন যে, কঠোর পরিশ্রমের মাধ্যমে ইন্ডাস্ট্রির শূন্য থেকে শীর্ষে পৌঁছানো সম্ভব।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *