কলকাতা: ভাইপো-পন্থী তৃণমূলের নাম-নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে এই ভাষাতেই আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, অভিষেক বন্দোপাধ্যায়কে কার্যত তুলোধনা করলেন। বললেন, কী বলেছিলেন? DJ বাজাবেন। বাংলার লোক DJ বাজিয়ে দিয়েছে। পাল্টা জবাব দিয়েছে ‘কালীঘাট-তৃণমূলও’।
২১-এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে নিশানা করেছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। সেই বক্তৃতার প্রসঙ্গ টেনে, বিধানসভা থেকে ডায়মন্ড হারবারের সাংসদকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘ফলতার মতো দূরবিন লাগবে খুঁজতে। দূরবিন লাগবে। কালকে অনেক বড় বড় কথা বলেছেন। আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ। কী বলেছিলেন? DJ বাজাবেন। ৪ তারিখে অমিত শাহ যেন রাজ্যে থাকে। DJ বাজিয়ে দিয়েছে বাংলার লোকেরা।’
অভিষেক বন্দোপাধ্যায়ের উদ্দেশে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এই সরকার ভদ্র আছে বলে না, এখনও প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে, ওই হিরো কায়দায় ২ হাজার লোকের সামনে হাত নাড়তে নাড়তে… আপনাকে আমি বলে গেলাম, ওই ছোঁড়াকে। প্রতিষ্ঠিত চোর। ওকে আমি বলে গেলাম, ভিতরে থাকবেন কী বাইরে থাকবেন, ভবিষ্য়ৎ বলবে। যেখানেই থাকুন, ডায়মন্ড হারবারে লড়ুন। ৪০% মুসলিম ভোট আছে। তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন, তত ভোটে যদি হারাতে না পারি, মিলিয়ে নেবেন আপনি। আপনার অবস্থা ওই সো কলড পুষ্পার থেকেও খারাপ হবে। ভোটে লড়ুন, কোথায় থাকবেন দেখবেন।’
এদিন, শহিদ দিবসের প্রসঙ্গ টেনে অভিষেক বন্দোপাধ্যায়কে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, ‘কালকে তো শহিদ দিবস হয়নি। কেউ বলছেন, ভাইপো প্যারাসুটে নেমেছে। আর ভাইপো বলছে নোট-খাতা খুলে রাখো। ৩১-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। ৪ মে-র পরে ডায়মন্ড হারবার গেছ? জোকা পেরিয়েছ? যাও না ডায়মন্ড হারবার। পান্নালাল হালদার (ডায়মন্ড হারবারের বিধায়ক) নিয়ে যান চ্য়াম্পিয়ন MP-কে। যান নিয়ে। টেস্ট কেস হয়েছিল ফলতা। ফলতায় টেস্ট কেস। আপনি MP, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গরুর গাড়ির হেডলাইট। কোনও ভোটে জিততে পারবেন না। কোনও ভোটে। ওই লম্ফ ঝম্ফ।’
